বিমানে অসংলগ্ন আচরণ, যাত্রীকে বেঁধে জরুরি অবতরণ প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৬ যুক্তরাষ্ট্রের আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এক যাত্রীর অস্বাভাবিক ও অসংলগ্ন আচরণের জেরে বিমানটি জরুরি অবতরণে বাধ্য হয়েছেন পাইলট। বৃহস্পতিবার রাতে ডালাস থেকে নিউজার্সিগামী ফ্লাইট ৬১৮-তে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মেরিল্যান্ডের বাল্টিমোর বিমানবন্দরে উড়োজাহাজটি অবতরণ করানো হয় এবং অভিযুক্ত যাত্রীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জানা গেছে, ফার্স্ট ক্লাসে ভ্রমণকারী ওই যাত্রী উড়োজাহাজে ওঠার পর থেকেই ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং গালিগালাজ শুরু করেন। এক পর্যায়ে তিনি বর্ণবাদী ও সমকামিতা বিদ্বেষী মন্তব্য করতে থাকেন। এ সময় তিনি পাশের এক যাত্রী এবং তাকে শান্ত করতে আসা এক নারীকে মারধর করেন। পরিস্থিতি সামাল দিতে জুয়ান মেজিয়া নামের এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েকজন যাত্রী এগিয়ে আসেন। তারা জিপটাই ও স্কচটেপ ব্যবহার করে ওই যাত্রীকে সিটের সঙ্গে বেঁধে ফেলেন। বাধা দেয়ার সময় ওই যাত্রী মেজিয়াকে কামড়ও দেন। উড়োজাহাজের ক্রু ও যাত্রীরা নিশ্চিত করেছেন যে, ওই ব্যক্তির শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখতে তার মুখে কোনো টেপ লাগানো হয়নি। যুক্তরাষ্ট্রে ৯/১১ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকী আসন্ন থাকায় আকাশে এ ধরনের সহিংস আচরণে অন্য যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)-এর তথ্যমতে, চলতি বছর বিমানে যাত্রীদের উচ্ছৃঙ্খল আচরণের ১ হাজার ১৬০টির বেশি ঘটনা রেকর্ড করা হয়েছে। নিয়ম অনুযায়ী, এ ধরনের অপরাধের ক্ষেত্রে ৪৩ হাজার ডলারের বেশি জরিমানার বিধান রয়েছে। SHARES অন্যান্য বিষয়: আমেরিকান এয়ারলাইন্সজরুরি অবতরণবিমানের ঘটনাযাত্রীর অসংলগ্ন আচরণযুক্তরাষ্ট্র