দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৬ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ রোববার (৬ সেপ্টেম্বর) নিজের জেলা ঠাকুরগাঁওয়ে দুই দিনের সরকারি সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির এই আগমনকে কেন্দ্র করে পুরো ঠাকুরগাঁও জেলা শহরকে সাজসজ্জায় রাঙিয়ে তোলা হয়েছে। শহরের প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রবেশমুখে নির্মাণ করা হয়েছে তোরণ এবং আলোকসজ্জা। এছাড়া এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজও সম্পন্ন করা হয়েছে। দীর্ঘদিনের পরিচিত 'আলমগীর স্যার'-কে রাষ্ট্রপ্রধান হিসেবে কাছে পাওয়ার অপেক্ষায় স্থানীয় বাসিন্দারা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা প্রকাশ করছেন। নির্ধারিত সফরসূচি অনুযায়ী, আজ সকাল ১০টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে রওনা হয়ে বেলা ১১টা ৪০ মিনিটে রাষ্ট্রপতি ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে পৌঁছাবেন। সেখানে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণের পর তিনি শহরের সেনুয়া এলাকায় অবস্থিত পারিবারিক কবরস্থানে বাবা সাবেক মন্ত্রী মির্জা রুহুল আমীন ও মা ফাতেমা বেগমের কবর জিয়ারত করবেন। দুপুরে কালীবাড়ির নিজ বাসভবনে বিশ্রাম শেষে বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সফরের প্রথম দিন সন্ধ্যায় নিজ বাসভবনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়স্বজন ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন রাষ্ট্রপতি। সফরের দ্বিতীয় দিন সোমবার সদর উপজেলার জামালপুরে প্রস্তাবিত 'ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়'-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। রাষ্ট্রপতির এই সফরকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে জেলাজুড়ে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক ও পুলিশ সুপার মো. বেলাল হোসেন জানিয়েছেন, রাষ্ট্রপতির যাতায়াতের পথ ও কর্মসূচির প্রতিটি স্থানে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে স্থানীয় বাসিন্দারা আশা করছেন, রাষ্ট্রপতির এই সফরের মাধ্যমে প্রস্তাবিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ দ্রুত বাস্তবায়িত হবে এবং এলাকার শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটবে। SHARES অন্যান্য বিষয়: ঠাকুরগাঁওবিশ্ববিদ্যালয়মির্জা ফখরুলরাষ্ট্রপতিসফর