প্রধান বিচারপতির সঙ্গে বিতণ্ডা, এজলাস ছাড়লেন আপিল বিভাগের বিচারপতিরা

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৬

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে উত্তপ্ত বিতণ্ডার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে আপিল বিভাগের এজলাসে শুনানির সময় এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।

আদালত সূত্রে জানা গেছে, তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করার বিষয়টি নিয়ে শুনানি চলছিল। শুনানির একপর্যায়ে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন প্রধান বিচারপতিকে উদ্দেশ করে বলেন, ‘আপনি প্রধান বিচারপতি হওয়ার পর থেকে আইনজীবীদের ইনকাম কমে গেছে।’

এই মন্তব্যকে কেন্দ্র করে প্রধান বিচারপতি ও বার সভাপতির মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুপুর সাড়ে ১২টার দিকে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিরা এজলাস ত্যাগ করেন। এ সময় এজলাসে উপস্থিত আইনজীবীদের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।