ভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলাকারীদের দ্রুত বিচারের দাবি এনসিপির প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৬ ইতালির ভেনিসে প্রখ্যাত অভিনেত্রী ও জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা আজমেরী হক বাঁধন এবং তার পরিবারের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে দলটি। মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এনসিপির আহ্বায়ক ও সদস্যসচিব এই হামলাকে অত্যন্ত ন্যক্কারজনক বলে অভিহিত করেন। তারা বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশ বিদেশের মাটিতে অবস্থান করে জুলাইযোদ্ধাদের ওপর রাজনৈতিক সহিংসতা ও হামলা চালানোর অপচেষ্টা চালাচ্ছে। ভেনিসে একজন সুপরিচিত সাংস্কৃতিককর্মী ও জুলাইযোদ্ধার ওপর হামলা এবং তার সঙ্গে থাকা নারী ও শিশুকে আঘাত করার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিবৃতিতে এনসিপি নেতারা অভিযোগ করেন, ভেনিসে বাঁধন ও তার পরিবারের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের কথিত ক্যাডাররা জড়িত। হামলার সময় বাঁধনকে জোরপূর্বক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বাধ্য করার চেষ্টা করা হয়। এ ঘটনায় তার সঙ্গে থাকা নিরপরাধ নারী ও শিশুও হামলার শিকার হয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। দলটির নেতারা আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ভেনিসে উপস্থিতির সময় তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজন ব্যক্তি এ হামলায় জড়িত ছিলেন। ওই ব্যক্তিদের সঙ্গে সজীব ওয়াজেদ জয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বতন্ত্রভাবে কোনো যাচাই বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য বিবৃতিতে উল্লেখ করা হয়নি। এনসিপি নেতারা বলেন, দেশের রাজনৈতিক বাস্তবতার বাইরে বিদেশের মাটিতেও যদি জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের ওপর হামলা ও হয়রানি অব্যাহত থাকে, তাহলে বিষয়টি শুধু আইনশৃঙ্খলার নয়, বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা ও রাষ্ট্রীয় কূটনৈতিক দায়িত্বের সঙ্গেও সম্পর্কিত। জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধারা দেশের জাতীয় সম্পদ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বিদেশে অবস্থানরত জুলাইযোদ্ধা, প্রবাসী রাজনৈতিক কর্মী ও সাধারণ বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বাংলাদেশি দূতাবাসগুলোকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। ভেনিসের ঘটনায় ইতালীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের প্রতি আহ্বান জানিয়ে দলটির নেতারা বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ইতালীয় আইনে যথাযথ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করতে হবে। একই সঙ্গে ভুক্তভোগী বাঁধন ও তার পরিবারের নিরাপত্তা এবং আইনি সহায়তা নিশ্চিত করার দাবি জানান তারা। এনসিপি নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভেনিসের ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করা না হলে বিষয়টি দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মঞ্চে তুলে ধরা হবে। জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের ওপর যেকোনো ধরনের হামলা, হেনস্তা বা ভয়ভীতি প্রদর্শনের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিক ও আইনি প্রতিরোধ গড়ে তোলারও ঘোষণা দেয় এনসিপি। SHARES রাজনীতি বিষয়: আজমেরী হক বাঁধনএনসিপিজাতীয় নাগরিক পার্টিভেনিস হামলারাজনৈতিক সহিংসতাসজীব ওয়াজেদ জয়