সিলেটে চুরির অপবাদে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ভিডিও ভাইরাল প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৬ সিলেটের শাহজালাল উপশহর এলাকায় চুরির অপবাদে এক কিশোরীর কোমরে শিকল বেঁধে রাস্তায় টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, কোমরে শিকল বাঁধা অবস্থায় এক কিশোরীকে টেনে নিয়ে যাচ্ছেন এক যুবক, আর ওই কিশোরী অঝোরে কাঁদছে। এই ঘটনাটি স্থানীয় বাসিন্দা ও নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভ ও আলোড়নের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাত আনুমানিক ১১টার দিকে সিলেটের উপশহর ডি-ব্লক মসজিদ মার্কেট এলাকার রাস্তায় ওই কিশোরীকে শিকলে বেঁধে টেনে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এর আগে স্থানীয় ব্যবসায়ী ও কয়েকজন মিলে তাকে আটক করেছিলেন। মসজিদ মার্কেটের ব্যবসায়ীদের দাবি, ওই দিন সন্ধ্যা ৭টার দিকে এলাকার একটি দোকানের ক্যাশবাক্স থেকে টাকা চুরির চেষ্টা চালালে কিশোরীটিকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তাকে মারধর করে কোমরে শিকল বেঁধে রাস্তায় ঘোরানো হয়। তবে ঠিক কারা তাকে মারধর করেছে কিংবা শিকল দিয়ে বেঁধে টেনে নিয়ে গেছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এ ধরনের নির্যাতনকে আইনবহির্ভূত ও শাস্তিযোগ্য অপরাধ বলে উল্লেখ করেছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। তিনি জানান, ফৌজদারি কার্যবিধির ৫৯ ধারা অনুযায়ী কোনো সাধারণ নাগরিক কেবল আমলযোগ্য অপরাধে জড়িত কোনো ব্যক্তিকে আটক করতে পারেন। তবে আটকের পর অনতিবিলম্বে তাকে পুলিশ বা নিকটস্থ থানায় হস্তান্তর করতে হবে। আটককৃত ব্যক্তিকে কোনো ধরনের শাস্তি দেওয়ার অধিকার সাধারণ নাগরিকের নেই। জনসমক্ষে কোমরে শিকল বেঁধে হাঁটানো কিংবা তার ওপর শারীরিক বা মানসিক নির্যাতন চালানো সম্পূর্ণ আইনপরিপন্থী কাজ। এ বিষয়ে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, সেদিন রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আনুমানিক ১৫-১৬ বছর বয়সী ওই কিশোরীকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। চুরির চেষ্টার বিষয়ে স্থানীয়রা মৌখিক অভিযোগ করলেও থানায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। এছাড়া কিশোরীটিকে থানায় নিয়ে আসার পর স্থানীয়দের কাছ থেকে পুলিশ আশানুরূপ কোনো সহযোগিতা পায়নি বলেও জানান তিনি। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES অন্যান্য বিষয়: আইন নিজের হাতেকিশোরী নির্যাতনভিডিও ভাইরালশাহপরান থানাশিকল বেঁধে নির্যাতনসিলেট