দুর্গাপূজায় ইলিশ রপ্তানির অনুমতি চেয়ে ১৮ প্রতিষ্ঠানের আবেদন

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৬

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পাওয়ার আশায় আবেদন করেছে বাংলাদেশের ১৮টি প্রতিষ্ঠান। একই সময়ে ভারতের ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনও বাংলাদেশ থেকে ইলিশ আমদানির অনুমতি চেয়ে সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রপ্তানির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দেশে ইলিশের সরবরাহ ও চাহিদার বিষয়টি যাচাই করতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে।

গত বুধবার বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে একটি চিঠি পাঠিয়েছে। বাণিজ্যসচিব মো. আতাউর রহমান খান জানিয়েছেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে ইতিবাচক মতামত পাওয়া গেলেই দ্রুত রপ্তানির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গত বছর সরকার ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিলেও শেষ পর্যন্ত ১৫০ টন রপ্তানি হয়েছিল।

রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো এবার দীর্ঘ মেয়াদে ইলিশ রপ্তানির সুযোগ চেয়েছে। তাদের দাবি, ২০ থেকে ২৫ দিনের স্বল্প সময়ে ঋণপত্র খোলা, মাছ সংগ্রহ, প্রক্রিয়াজাত ও প্যাকেজিং করা অত্যন্ত কঠিন। তাই তারা অন্তত দুই মাস বা সারা বছর রপ্তানির সুযোগ দেওয়ার পক্ষে।

অনুমতি প্রত্যাশী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে খুলনার বিশ্বাস এন্টারপ্রাইজ; চট্টগ্রামের জেএস এন্টারপ্রাইজ ও আনরাজ ফিশ প্রোডাক্টস; যশোরের লাকি এন্টারপ্রাইজ, এমইউসি ফুডস, মোহতাব অ্যান্ড সন্স ও জনতা ফিশ; ঢাকার ভিজিল্যান্ট এক্সপ্রেস, স্বর্ণালী এন্টারপ্রাইজ, ম্যাজেস্টিক এন্টারপ্রাইজ ও বিডিএস করপোরেশন; বরিশালের মহিমা এন্টারপ্রাইজ, এআর এন্টারপ্রাইজ ও তানিশা এন্টারপ্রাইজ; ভোলার রাফিদ এন্টারপ্রাইজ এবং সাতক্ষীরার এম এ এন্টারপ্রাইজ ও সুমন ট্রেডার্স।

ভারতের ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন তাদের চিঠিতে জানিয়েছে, ১৯৯৬ সাল থেকে বাংলাদেশ প্রতিবছর গড়ে প্রায় ৫ হাজার টন ইলিশ ভারতে রপ্তানি করত। ২০১৯ সালে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অনুমতিতে ফের রপ্তানি শুরু হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অনুমোদিত পরিমাণের তুলনায় ভারতে ইলিশ রপ্তানি বরাবরই কম হয়েছে। ২০২১ সালে ৪ হাজার ৬০০ টনের বিপরীতে ১ হাজার ২০০ টন, ২০২২ সালে ২ হাজার ৯০০ টনের বিপরীতে ১ হাজার ৩০০ টন, ২০২৩ সালে ৩ হাজার ৯৫০ টনের বিপরীতে ১ হাজার ৩০০ টন এবং ২০২৪ সালে ২ হাজার ৪২০ টন অনুমোদনের বিপরীতে মাত্র ৫৭৭ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে।

দীর্ঘ বিরতির পর ২০১৯ সালে ৫০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হলেও ২০২০ সালে অনুমোদন দেওয়া হয় ১ হাজার ৮৫০ টন।