লোহিত সাগর উপকূল পুনর্দখলে ইয়েমেনি সেনাদের নতুন যুদ্ধপ্রস্তুতি

প্রকাশিত: ৯:৩১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৬

প্রকাশকাল: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ২৯

লোহিত সাগরের পূর্ব উপকূলে হুথিদের কাছে হারানো এলাকাগুলো পুনর্দখলে নিতে বড় ধরনের স্থলযুদ্ধের প্রস্তুতি শুরু করেছে ইয়েমেনের সরকারি বাহিনী। এই লক্ষ্যে উপকূলীয় অঞ্চল থেকে পিছু হটা সেনাদের নতুন করে সংগঠিত করা হচ্ছে। খুব শিগগিরই এই বাহিনী আবারও যুদ্ধক্ষেত্রে সক্রিয় হবে বলে জানিয়েছেন দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সদস্য ও মারিব প্রদেশের গভর্নর সুলতান আল-আরাদা।

সম্প্রতি সরকারি টেলিভিশন চ্যানেল ‘সাবা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সুলতান আল-আরাদা পূর্ব উপকূলে সরকারি বাহিনীর পরাজয়কে ‘যন্ত্রণাদায়ক এবং দুর্ভাগ্যজনক’ হিসেবে বর্ণনা করেন। তবে তিনি উল্লেখ করেন, দীর্ঘস্থায়ী যুদ্ধে এ ধরনের সাময়িক ধাক্কা বা পিছু হটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা। উপকূলীয় অঞ্চলে পরাজয় ঘটলেও অন্যান্য ফ্রন্টে সরকারি বাহিনীর প্রতিরোধ ও লড়াই এখনো অব্যাহত রয়েছে।

ইয়েমেনের মারিবের গভর্নর জানান, তাদের মূল লক্ষ্য এখনো হুথিদের দখল থেকে রাজধানী সানার নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা। এই লক্ষ্য বাস্তবায়নে পূর্ব উপকূল থেকে পিছু হটে আসা সেনাদের মারিব প্রদেশে জড়ো করে পুনর্গঠন করা হচ্ছে। নিজেদের গুছিয়ে নেওয়ার পর এই সেনারা আবারও কোনো না কোনো উপায়ে রণাঙ্গনে অবতীর্ণ হবেন।

হুথিদের কঠোর সমালোচনা করে সুলতান আল-আরাদা অভিযোগ করেন, বিদ্রোহী গোষ্ঠীটি চলমান শান্তি প্রক্রিয়াকে সম্পূর্ণ নস্যাৎ করে দিয়েছে। তারা ইয়েমেনে শান্তির পথ পরিহার করে আবারও যুদ্ধাবস্থা ফিরিয়ে এনেছে। তবে সরকারি বাহিনী তাদের লক্ষ্য থেকে বিচ্যুত হবে না এবং নিজেদের পুনর্গঠিত করে হুথিদের বিরুদ্ধে জোরালো প্রতিরোধ গড়ে তুলবে।