স্পেনে ট্রেন দুর্ঘটনা: তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা প্রকাশিত: ১০:৩২ পূর্বাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৬ স্পেনে এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার পর দেশটিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থেকে এই রাষ্ট্রীয় শোক কার্যকর করা হয়েছে। বিবিসি’র প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দুর্ঘটনার কারণ সম্পর্কে দেশটির পরিবহনমন্ত্রী জানিয়েছেন, যে অঞ্চলে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে রেললাইনের প্রধান এলজেডবি সিগন্যালে ত্রুটি দেখা দিয়েছিল। এ সময় নিরাপত্তা ব্যবস্থা হিসেবে সেখানে থাকা সব ট্রেনকে স্বয়ংক্রিয়ভাবে থামার সংকেত দেওয়া হয়। দুর্ঘটনার শিকার হওয়া ‘রেনফে হাইস্পিড ট্রেন’ এবং ‘ইরো ট্রেন’ উভয়ই তখন ওই এলাকায় ছিল। সে সময় ইরো ট্রেনটি রেনফে ট্রেন থেকে প্রায় ২৫ কিলোমিটার সামনে অবস্থান করছিল। সিগন্যালে ত্রুটি দেখা দেওয়ার পর স্পেনের সরকারি রেলঅবকাঠামো পরিচালনা সংস্থা ‘আদিফ’ ট্রেন পরিচালনার কমান্ডের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেয়। সেই সময় কমান্ডে থাকা ব্যক্তি লালবাতি জ্বলা সত্ত্বেও ‘রেনফে হাইস্পিড ট্রেনটিকে’ চলার অনুমতি দেন। অথচ ২৫ কিলোমিটার সামনে থাকা ইরো ট্রেনটি তখনও দাঁড়িয়ে ছিল। রেনফে ট্রেনটিকে চলার অনুমতি দেওয়ার সময় কোনো গতির সীমাও নির্ধারণ করে দেওয়া হয়নি। ফলে ট্রেনটি ঘণ্টায় ২০০ কিলোমিটার গতিতে গিয়ে সামনে দাঁড়িয়ে থাকা ইরো ট্রেনটিকে সজোরে ধাক্কা মারে। এই ঘটনার পর প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ রেলওয়ের নিরাপত্তাব্যবস্থায় কোনো ধরনের ত্রুটি থাকলে তা দ্রুত সমাধানের কঠোর আশ্বাস দিয়েছেন। তিনি উচ্চগতির রেলব্যবস্থার ওপর জনসচেতনতা ও আস্থা ফেরানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, স্পেনের মতো দেশে একই বছরে উচ্চগতির ট্রেনের দুটি দুর্ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যাত্রীদের আস্থা পুনরুদ্ধারে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে বলেও তিনি উল্লেখ করেন। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES আন্তর্জাতিক বিষয়: ট্রেন দুর্ঘটনাপেদ্রো সানচেজরাষ্ট্রীয় শোকরেলওয়েস্পেন