ইসলামী ব্যাংকের সামনে চাকরিচ্যুত ও গ্রাহক ফোরামের সংঘর্ষে আহত ২৫ প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৬ রাজধানীর মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে সোমবার সকালে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী এবং ‘সচেতন গ্রাহক ফোরামের’ সদস্যদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের পক্ষ থেকে দাবি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চাকরি ফিরে পাওয়ার দাবিতে এদিন সকালে ইসলামী ব্যাংক টাওয়ারের পশ্চিম পাশে অবস্থান নেন চাকরিচ্যুতরা। অন্যদিকে, সড়কের বিপরীত পাশে অবস্থান নেন ‘সচেতন গ্রাহক ফোরাম’ ব্যানারে থাকা জামায়াতপন্থি একদল গ্রাহক, যারা গত মে মাস থেকে ব্যাংকটির পর্ষদ পুনর্গঠনের দাবিতে সরব রয়েছেন। পুলিশের উপস্থিতিতেই এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, যা পরবর্তীতে মারামারিতে রূপ নেয়। পরে চাকরিচ্যুতরা সেখান থেকে সরে যান এবং গ্রাহকরা বাংলাদেশ ব্যাংকের সামনে গিয়ে অবস্থান নেন। মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী দুপুর পৌনে ১টার দিকে জানান, দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন। চাকরিচ্যুতদের একজন শহীদুল ইসলাম বলেন, “আমরা চাকরি ফেরত চেয়ে আন্দোলন করছি। আমাদেরকে এস আলমের দালাল বলা হচ্ছে, আমরা কারো দালাল না। আমাদের উপর অন্যায়ভাবে হামলা করেছে। আমাদেরকে ব্যাংক টাওয়ারের সামনে থাকতে দিচ্ছে না।” অন্যদিকে, সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক অধ্যাপক নুর নবী মানিক অভিযোগ করেন, তাদের পূর্ব নির্ধারিত শান্তিপূর্ণ কর্মসূচিতে অবৈধ নিয়োগে চাকরিচ্যুত এস আলমের দোসররা হামলা চালিয়েছে। তিনি আরও দাবি করেন, ঘটনার ভিডিও ফুটেজ তাদের কাছে রয়েছে এবং পুলিশের উপস্থিতিতে গ্রাহকদের টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার সময় পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করেনি। ফোরামের সদস্য সচিব মুতাছিম বিল্লাহসহ তাদের প্রায় ২৫ জন সদস্য আহত হয়েছেন বলেও তিনি জানান। এর আগের দিন রবিবারও ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছিল। সেদিন আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে উত্তেজনা থাকলেও উভয় পক্ষ নিজেদের দাবি সম্বলিত স্মারকলিপি ব্যাংকের ব্যবস্থাপনা বিভাগের কাছে জমা দিয়ে চলে গিয়েছিল। SHARES অর্থনীতি বিষয়: ইসলামী ব্যাংকগ্রাহক ফোরামচাকরিচ্যুতমতিঝিলসংঘর্ষ