শ্রীপুরে অগ্নিবীণা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, দুর্ভোগে যাত্রীরা

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৬

গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনে তারাকান্দিগামী ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। আজ মঙ্গলবার দুপুরের এ ঘটনায় চরম দুর্ভোগে পড়েছেন ট্রেনটির সাধারণ যাত্রীরা। তবে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও অন্য লাইন দিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক রাখা হয়েছে।

শ্রীপুর রেল স্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি আজ দুপুর ২টা ৮ মিনিটে শ্রীপুর স্টেশনের ২ নম্বর লাইনে প্রবেশ করে। সেখানে নির্ধারিত যাত্রা বিরতি শেষে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় হঠাৎ ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর ট্রেনটি আর চালানো সম্ভব হয়নি।

ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ট্রেনের যাত্রীরা চরম বিপাকে পড়েন। পরিস্থিতি সামাল দিতে অনেকেই বিকল্প পথ বেছে নেন। বিকল হওয়া অগ্নিবীণা এক্সপ্রেসের বেশ কিছু যাত্রী পরে ময়মনসিংহগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনে চড়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। এছাড়া অনেকে সড়কপথে চলে গেছেন এবং কিছু যাত্রী স্টেশনেই ট্রেনের জন্য অপেক্ষা করছেন। বর্তমানে বিকল ট্রেনটি ২ নম্বর লাইনে থাকায় ১ নম্বর লাইন ব্যবহার করে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

শ্রীপুর রেল স্টেশনের মাস্টার শামীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি ইতিমধ্যেই রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিকল্প ইঞ্জিন এনে ট্রেনটি চালানো হবে নাকি ইঞ্জিনটি এখানেই মেরামত করা হবে, সে বিষয়ে কর্তৃপক্ষ দ্রুত সিদ্ধান্ত নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।