নকভি সরলেই আটকে থাকা ট্রফি পাবে ভারত, এসিসির দায়িত্বে আফগানিস্তান প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৬ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নকভির মেয়াদ শেষ হওয়ার পরই কেবল ভারতীয় ক্রিকেট দল তাদের আটকে থাকা এশিয়া কাপের দুটি ট্রফি আনুষ্ঠানিকভাবে নিজেদের করে পেতে পারে। একের পর এক বিতর্কের কারণে পাকিস্তানের এই স্বরাষ্ট্রমন্ত্রীর এসিসি সভাপতি হিসেবে মেয়াদ বাড়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। নকভির পর ২০২৯ সালের মাঝামাঝি পর্যন্ত এই পদে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কোনো প্রতিনিধি দায়িত্ব পেতে পারেন বলে জানা গেছে। সম্প্রতি শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জেতার পর নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় নারী ক্রিকেট দল, যা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। এই ঘটনা মূলত ২০২৫ সালের পুরুষ এশিয়া কাপ ফাইনালের তিক্ত স্মৃতিকেই মনে করিয়ে দেয়। গত বছরের ২৮ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ফাইনালে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। সেখানেও মহসিন নকভির ব্যক্তিগত উপস্থিতি নিয়ে বিরোধ তৈরি হয়। প্রায় এক ঘণ্টা অচলাবস্থা চলার পর নকভির নির্দেশে ট্রফিটি স্টেডিয়াম থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। এরপর থেকে ভারতীয় পুরুষ দল এখনো তাদের সেই প্রাপ্য ট্রফিটি হাতে পায়নি, যা বর্তমানে এসিসির প্রধান কার্যালয়ে সংরক্ষিত রয়েছে। বার্তা সংস্থা আইএএনএস-এর প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ৩ এপ্রিল এসিসির সভাপতির দায়িত্ব নেন মহসিন নকভি। নিয়মানুযায়ী দুই বছরের এই মেয়াদ ২০২৭ সালের ৩ এপ্রিল শেষ হওয়ার কথা। সর্বসম্মত সিদ্ধান্ত ছাড়া এই মেয়াদ বৃদ্ধি সম্ভব নয়। অন্যদিকে, পরবর্তী পুরুষ এশিয়া কাপ ২০২৭ সালের জুনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নকভির আচরণ ও ধারাবাহিক বিতর্কের কারণে তাঁর পুনরায় নির্বাচিত হওয়ার পথ বন্ধ হয়ে গেছে। নকভির আগে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত এই দায়িত্বে ছিলেন জয় শাহ, যিনি দ্বিতীয় মেয়াদের জন্য সর্বসম্মতভাবে নির্বাচিত হয়েছিলেন। SHARES খেলাধুলা বিষয়: আফগানিস্তান ক্রিকেট বোর্ডএশিয়া কাপএসিসি সভাপতিভারতীয় ক্রিকেট দলমহসিন নকভি