ফ্রেন্ডশিপ পাইপলাইনে ভারত থেকে এলো ৪৭ লাখ লিটার ডিজেল

প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৬

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ৭২তম ধাপে ভারত থেকে প্রায় চার হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে। মোট ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার জ্বালানি তেল দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত রিসিভ টার্মিনাল ডিপোতে এসে পৌঁছেছে।

এই চালানের ডিজেল আসার প্রক্রিয়াটি গত ১২ সেপ্টেম্বর সকাল ৯টায় শুরু হয়। এরপর পরদিন অর্থাৎ ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে সম্পূর্ণ ডিজেল পার্বতীপুর ডিপোতে এসে পৌঁছানোর মধ্য দিয়ে এই প্রক্রিয়াটি সফলভাবে শেষ হয়।

২০১৮ সালের ৯ এপ্রিল দুই দেশের মধ্যে ১৫ বছর মেয়াদে প্রায় ২০ লাখ টন ডিজেল আমদানির চুক্তি সই হয়েছিল। চুক্তি অনুযায়ী ২০২৩ সালের ১৮ মার্চ এই পাইপলাইনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত ভারত থেকে মোট ৩ লাখ ৩০ হাজার ৮৭ মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে।

ভারত থেকে আমদানি করা এই জ্বালানি তেল দেশের রাষ্ট্রায়ত্ত তিনটি তেল বিপণন কোম্পানির মধ্যে প্রায় সমহারে বণ্টন করা হয়। কোম্পানি তিনটি হলো—পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েল কোম্পানি।

বাংলাদেশ অংশে এই ফ্রেন্ডশিপ পাইপলাইনের মোট দৈর্ঘ্য ১২৬.৫৭ কিলোমিটার। মাটির প্রায় ৫ থেকে ৮ ফুট নিচে স্থাপন করা এই পাইপলাইনটি পঞ্চগড়ের তেঁতুলিয়া, পঞ্চগড় সদর ও বোদা উপজেলা হয়ে নীলফামারী সদর এবং দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ওপর দিয়ে পার্বতীপুরের রিসিভ টার্মিনাল পর্যন্ত বিস্তৃত রয়েছে।