অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও দপ্তরি গ্রেফতার

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৬

যশোরের অভয়নগরে স্কুল চলাকালে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত শিক্ষককে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও দপ্তরিকে পুলিশ আটক করেছে। গত বুধবার সন্ধ্যায় নওয়াপাড়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের মৃত তৈয়ব দফাদারের মেয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলিয়া আফরিন এবং বাহিরঘাট গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে দপ্তরি মোস্তাফিজুর রহমান। পরবর্তীতে তাদের সংশ্লিষ্ট ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার বিবরণ ও অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমানের বক্তব্য অনুযায়ী, গত ২৬ অক্টোবর সোমবার বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রী শ্রেণি চলাকালীন প্রকৃতির ডাকে সাড়া দিতে বাথরুমে যায়। ওই সময় বুইকারা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমরান হোসেন বাথরুমে প্রবেশ করে মেয়েটির মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করেন। চলে যাওয়ার সময় বিষয়টি কাউকে জানালে তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।

পরদিন মঙ্গলবার শিশুটি স্কুলে যেতে না চাইলে তার মা এর কারণ জানতে চান। একপর্যায়ে শিশুটি তার মায়ের কাছে শিক্ষক ইমরান হোসেন কর্তৃক ধর্ষণের বিস্তারিত প্রকাশ করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পুলিশ যৌথভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে অভয়নগর থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, ঘটনার পর পরই শিশুটির অভিভাবক ও স্বজনেরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলিয়া আফরিনকে বিষয়টি জানান। তবে তিনি অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোনো আইনি বা প্রাতিষ্ঠানিক পদক্ষেপ না নিয়ে দপ্তরি মোস্তাফিজুর রহমানের সাহায্যে তাকে পালিয়ে যেতে সহায়তা করেন। এ অভিযোগের সত্যতা পাওয়ার পরই তাদের দুজনকে আটক করা হয়।

এদিকে ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত সহকারী শিক্ষক ইমরান হোসেন পলাতক রয়েছেন। তাকে গ্রেফতার করতে পুলিশ কাজ করছে জানিয়ে পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমান আশা প্রকাশ করেন যে, দ্রুততম সময়ের মধ্যেই তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত