রাজধানীতে হানি ট্র্যাপের ফাঁদে জিম্মি, দম্পতিসহ গ্রেফতার দুই

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৬

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় হানি ট্র্যাপের মাধ্যমে এক ব্যক্তিকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কামরাঙ্গীরচর থানা পুলিশ। এ সময় জিম্মি করে রাখা ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলো মো. সোহান ও তার স্ত্রী নার্গিস আক্তার। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দিবাগত রাত ১২টার পর অভিযান পরিচালনা করে প্রথমে মো. সোহানকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ভুক্তভোগীর দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার অন্য আসামি কৌশিক আহমেদ মন্টুর বাসা থেকে নারী পুলিশের সহায়তায় নার্গিস আক্তারকে গ্রেফতার করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, গত বুধবার (২৮ অক্টোবর) দুপুরে দুইজন অজ্ঞাতনামা নারী বাসা পরিবর্তনের কথা বলে আসবাবপত্র সরানোর সহায়তা চাইলে ভুক্তভোগী মো. সামিউল ইসলাম এগিয়ে যান। পরে কৌশলে তাকে কৌশিক আহমেদ মন্টুর বাসায় নিয়ে আটকে রাখা হয় এবং ছবি ও ভিডিও ধারণ করা হয়।

অপরাধীরা এসব ছবি ও ভিডিও ভুক্তভোগীর স্ত্রীর কাছে পাঠানোর ভয় দেখিয়ে তার কাছে ৩৫ হাজার টাকা দাবি করে। এ সময় তাকে মারধর করে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে বাধ্য করা হয়। ভুক্তভোগীর বড় ভাই বিষয়টি থানায় জানালে কামরাঙ্গীরচর থানা পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং দুইজনকে গ্রেফতার করে। এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় একটি মামলা রুজু হয়েছে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত