মহেশপুর সীমান্তে ৩ ভারতীয়সহ ৯ অনুপ্রবেশকারী আটক

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৬

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় ৩ ভারতীয় নাগরিকসহ মোট ৯ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত মেইন পিলার ৬১/১৮ আর থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হালদারপাড়া গ্রামের ইছামতি নদীর পাশ থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৩ জন ভারতীয় নাগরিক এবং ৬ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। ভারতীয় নাগরিকদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। তারা হলেন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ধানতলা থানার হোসেনপুর গ্রামের জগদীশ সিংয়ের মেয়ে শিবানী সিং (২৭) এবং একই জেলার নকশীপাড়া থানার সোনাতলা গ্রামের দেব কুমার বিশ্বাস (৩৩) ও তার মেয়ে দেবশ্রী বিশ্বাস (১৪)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশে আত্মীয়দের বাড়িতে বেড়ানো শেষে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন বলে স্বীকারোক্তি দিয়েছেন। এছাড়া আটক ৬ জন বাংলাদেশি নাগরিক গোপালগঞ্জ, বরিশাল, পিরোজপুর ও ঝিনাইদহ জেলার বাসিন্দা।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, আটক ব্যক্তিদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানান, আটককৃতদের মধ্যে ১ জন শিশু রয়েছে। শিশুটিকে সমাজসেবা অধিদপ্তরে পাঠানো হয়েছে এবং বাকিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।