ফরিদপুরে হাইওয়ে থানার সামনে জব্দ করা বাসে অগ্নিকাণ্ড

প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৬

ফরিদপুর সদর উপজেলার করিমপুর হাইওয়ে থানার সামনের খোলা মাঠে পুলিশের হেফাজতে থাকা পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর-মাগুরা মহাসড়ক সংলগ্ন ওই থানা চত্বরে রাখা বাসটিতে আগুন লাগে।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম জানান, রাত ১০টা ২৭ মিনিটে তিনি বাসটিতে আগুন লাগার খবর পান। দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনি দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নেভানো সম্ভব হলেও ততক্ষণে বাসটির অধিকাংশ অংশ পুড়ে যায়।

ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা শ্রীবাস বাড়ৈ জানান, রাত ১০টা ৩৫ মিনিটে খবর পাওয়ার পর তাদের দল ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ৩৫ মিনিটের চেষ্টায় রাত ১১টা ১০ মিনিটে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা। কয়েল, সিগারেটের আগুন, নাশকতা বা অন্য কোনো কারণে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মেছড়দিয়া মোড় এলাকায় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ময়দার বস্তাবোঝাই একটি ট্রাকের পেছনে বাসটি সজোরে ধাক্কা দেয়। ওই দুর্ঘটনায় বাসটির সুপারভাইজার নিহত হন এবং এরপর থেকেই আলামত হিসেবে বাসটি হাইওয়ে পুলিশের হেফাজতে ছিল।

থানা কর্তৃপক্ষ জানিয়েছে, করিমপুর হাইওয়ে থানাটি কয়েক মাস আগে নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে। অবকাঠামোগত কাজ পুরোপুরি শেষ না হওয়ায় থানার সামনের খোলা মাঠে জব্দ করা যানবাহন রাখা হয়। মাঠটি উন্মুক্ত এবং সীমানাপ্রাচীর না থাকায় এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে জানান ওসি আবদুস সালাম। তিনি আরও জানান, পুলিশের হেফাজতে থাকা বাসে আগুন লাগার ঘটনাটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।