জাভা সাগরে ২৪৩ আরোহীসহ নিখোঁজ ফেরির সন্ধান, উদ্ধার ১০২

প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৬

ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪৩ জন আরোহী নিয়ে নিখোঁজ হওয়া যাত্রীবাহী ফেরিটির হদিস পাওয়া গেছে। প্রতিকূল আবহাওয়া ও দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে নিখোঁজ হওয়া ফেরিটির যাত্রীদের সন্ধানে বর্তমানে দেশটির অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা জোর তৎপরতা চালাচ্ছে। উদ্ধারকারী দল এখন পর্যন্ত অন্তত ১০২ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং একজন যাত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

বিবিসির অনলাইন প্রতিবেদন অনুযায়ী, ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামের ফেরিটি পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ কালিমন্তানের বাঞ্জারমাসিন শহরের দিকে যাত্রা করেছিল। রোববার স্থানীয় সময় ভোররাত আনুমানিক ২টার দিকে বাঞ্জারমাসিন থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে জাভা সাগরে অবস্থানকালে ফেরিটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার খবর পাওয়ার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফেরিটির সম্ভাব্য শেষ অবস্থান শনাক্ত করে উদ্ধারকারী দল মোতায়েন করে।

নিখোঁজ বাকি যাত্রীদের উদ্ধারে বর্তমানে সাগরে একাধিক উদ্ধারকারী নৌযান ও হেলিকপ্টার তল্লাশি চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, ১৭ হাজার দ্বীপের দেশ ইন্দোনেশিয়ায় অভ্যন্তরীণ যাতায়াতের জন্য ফেরি ও নৌযান প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। উড়োজাহাজের তুলনায় সাশ্রয়ী হওয়ায় সাধারণ মানুষ নৌপথের ওপরই বেশি নির্ভরশীল। তবে দেশটিতে প্রায়ই দুর্বল নৌ-নিরাপত্তা মান ও মাত্রাতিরিক্ত যাত্রী বহনের কারণে মারাত্মক নৌ-দুর্ঘটনা ঘটে থাকে।