উত্তরা ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই রিইউনিয়ন ও শিরোনামহীনের কনসার্ট

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৬

স্মৃতিচারণ ও উৎসবমুখর পরিবেশে উত্তরা ইউনিভার্সিটিতে গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে ‘সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই রিইউনিয়ন ২০২৬’। বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে উত্তরা ক্যাম্পাসে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে টেকসই উন্নয়ন ও পরিবেশ রক্ষার বার্তা নিয়ে বৃক্ষরোপণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস. এম. জাহাঙ্গীর হোসেন এবং উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইয়াসমিন আরা লেখা। এরপর আকাশে কবুতর উড়িয়ে আনুষ্ঠানিকভাবে আয়োজনের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এস. এম. জাহাঙ্গীর হোসেন বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক দৃঢ় করার পাশাপাশি বর্তমান শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়ের জন্য এই ধরনের পুনর্মিলনী একটি চমৎকার সুযোগ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইয়াসমিন আরা লেখা সিভিল ইঞ্জিনিয়ারিং পরিবারের এই ঐক্যের প্রশংসা করেন এবং প্রাক্তন শিক্ষার্থীদের পেশাগত সাফল্যে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বৃদ্ধির কথা উল্লেখ করেন। তিনি একাডেমিক উৎকর্ষ ও উদ্ভাবনী শিক্ষার ধারা বজায় রাখার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রশিদ, উত্তরা ইউনিভার্সিটির স্কুল অব সিভিল, এনভায়রনমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মো. সুলতানুল ইসলাম এবং প্রধান অতিথির সহধর্মিণী রাজিয়া সুলতানা। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আশরাফুল আলমের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন অ্যালামনাই সোসাইটির সভাপতি ও অনুষ্ঠান সচিব আবু তালিব পিকে।

বিভাগীয় অ্যাসোসিয়েশন, সিভিল ইঞ্জিনিয়ারিং সোসাইটি ও অফিস অব এক্সটার্নাল অ্যাফেয়ার্সের সহযোগিতায় আয়োজিত এই পুনর্মিলনীর মূল আকর্ষণ ছিল জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’-এর পরিবেশনা। বিশ্ববিদ্যালয়ের ১৪ হাজারেরও বেশি শিক্ষার্থীর প্রাণবন্ত উপস্থিতিতে পুরো ক্যাম্পাস এক বিশাল উৎসবে রূপ নেয়।