জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৬

জুলাই-আগস্ট মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন দমনের সময় সংঘটিত হামলা, নির্যাতন ও হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রবিবার (২০ সেপ্টেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম।

তালিকায় থাকা পলাতক পাঁচ আসামি হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল, অধ্যাপক জাফর ইকবাল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ইনান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন। মামলাটিতে মোট আটজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, অধ্যাপক আ ক ম জামালউদ্দিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকত বর্তমানে গ্রেপ্তার রয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক টকশোতে আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডগুলোকে বৈধতা দিয়েছেন এবং আবু সাঈদকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছেন। তৎকালীন উপাচার্য অধ্যাপক মাকসুদ কামালের বিরুদ্ধে অভিযোগ, তিনি আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরামর্শ দেওয়ার পাশাপাশি ছাত্রলীগকে মাঠে নামিয়েছেন। এছাড়া অধ্যাপক জাফর ইকবালের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি আন্দোলনকারীদের ‘রাজাকারের সন্তান’ আখ্যা দিয়ে হত্যাকাণ্ডে সহযোগিতা করেছেন।

অন্যদিকে একই দিনে পৃথক একটি ঘটনায় গাজীপুরে মাদরাসার অধ্যক্ষ আবুল হোসেনসহ সাতজনকে গুম করার অভিযোগে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান আসাদুজ্জামানসহ চারজনের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।