বোয়ালখালীতে আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৬

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বেশ কয়েকটি এলাকায় আজ মঙ্গলবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বোয়ালখালী জোনাল অফিস সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বোয়ালখালী জোনাল অফিসের আওতাধীন ফুলতল উপকেন্দ্রের ৩ নম্বর ফিডারের লাইনের আশপাশের গাছপালা কাটার কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই রক্ষণাবেক্ষণ কাজের সুবিধার্থে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না, তার মধ্যে রয়েছে চুরাখালি ব্রিজ এলাকা, অয়াহেদ আলী পুকুরপাড়, হংস মহাজনের বাড়ি, শেফু চেয়ারম্যানের বাড়ি, বাংলাপাড়া, পাক্কির পোল, আফজাল তালুকদার বাড়ি, হারুন চেয়ারম্যানের বাড়ি, গাবতল, বেইজ্জা পুকুরপাড়, আরব টেন্ডলের বাড়ি, জিন্নাত আলীর বাড়ি, দেনা পুকুরপাড়, লালারদিঘি পাড়, কদুরখীল ইউনিয়ন পরিষদ, কদুরখীল মুসলিম হাইস্কুল, আল কোরআন একাডেমি, বুড্ডুম ফকিরের মাজার, করিম শাহের মাজার ও এর আশপাশের এলাকা।

কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।