আটঘরিয়ায় অযত্নে গোচারণভূমিতে পরিণত ১০ শহীদের স্মৃতিসৌধ প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৬ পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের কালামনগর বংশীপাড়া স্মৃতিসৌধটি দীর্ঘ দিন ধরে চরম অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এই স্থানে ১০ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। তাঁদের আত্মত্যাগের স্মৃতি ধরে রাখার উদ্দেশ্যে নির্মিত এই স্মৃতিসৌধটি বর্তমানে যথাযথ সংরক্ষণ ও নিয়মিত পরিচর্যার অভাবে গোচারণভূমিতে পরিণত হয়েছে। স্থায়ী কোনো তত্ত্বাবধায়ক না থাকায় স্থাপনাটির সৌন্দর্য ও গৌরব ম্লান হয়ে যাচ্ছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন। সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জহুরুল ইসলাম জানান, দায়িত্ব পালনকালে তিনি নিয়মিতভাবে স্মৃতিসৌধটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতেন। পরবর্তী সময়ে মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন এর দেখভালের দায়িত্ব গ্রহণ করেন। জহুরুল ইসলামের মতে, স্মৃতিসৌধটির যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে সরকারিভাবে একজন স্থায়ী তত্ত্বাবধায়ক নিয়োগ দেওয়া অত্যন্ত জরুরি। এ বিষয়ে মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন বলেন, স্মৃতিসৌধের চারপাশে প্রাচীর দেওয়া হয়েছে এবং অনেক সময় এটি তালাবদ্ধ করেও রাখা হয়। এরপরও স্থানীয় লোকজন কীভাবে সেখানে গরু-ছাগল নিয়ে প্রবেশ করেন, তা বোধগম্য নয়। স্থানীয় এলাকাবাসীর প্রত্যাশা, মহান মুক্তিযুদ্ধে শহীদ ১০ বীর মুক্তিযোদ্ধার স্মৃতিবিজড়িত এই স্থাপনার মর্যাদা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। তাঁরা স্মৃতিসৌধটির নিয়মিত পরিচর্যা ও পরিবেশের সৌন্দর্য রক্ষায় একজন স্থায়ী কেয়ারটেকার নিয়োগের জোরালো দাবি জানিয়েছেন। SHARES জেলা/উপজেলা বিষয়: আটঘরিয়াপাবনাবংশীপাড়ামুক্তিযুদ্ধস্মৃতিসৌধ