যুক্তরাষ্ট্র অবরোধ তুললে হরমুজ প্রণালী খুলে দিতে প্রস্তুত ইরান

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৬

যুক্তরাষ্ট্র যদি তাদের সামরিক চাপ কমিয়ে আনে এবং ইরানের বিভিন্ন বন্দরের ওপর থেকে আরোপিত অবরোধ প্রত্যাহার করে নেয়, তবে ইরান মাত্র সাত দিনের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে সক্ষম হবে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রয়টার্সের সঙ্গে আলাপকালে ইরানের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

ইরানি ওই কর্মকর্তা আরও জানান, ওয়াশিংটনকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে হবে যে তারা কূটনৈতিক আলোচনার মাধ্যমে বিদ্যমান সমস্যার সমাধান করতে চায়। এরপর এই প্রক্রিয়াটি কীভাবে এগিয়ে নেওয়া হবে, তার একটি সময়সূচি নির্ধারণের জন্য উভয় পক্ষকে সমঝোতায় পৌঁছাতে হবে। তিনি উল্লেখ করেন, গত ১৬ সেপ্টেম্বর মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরান একটি প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পাঠিয়েছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার জন্য বর্তমানে ইরানের একটি প্রতিনিধিদল নিউ ইয়র্কে অবস্থান করছে। ওই কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা পুনরুজ্জীবিত করার পূর্ণ ক্ষমতা এই প্রতিনিধিদলের হাতে রয়েছে। তিনি আরও বলেন, ওয়াশিংটনের সঙ্গে শত্রুতা অবসানের জন্য একটি সমঝোতার বিস্তারিত বিষয়গুলো নিউ ইয়র্কেই মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা করা সম্ভব।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মঙ্গলবার সকালে তেহরান থেকে নিউ ইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন। তবে ওই কর্মকর্তা রয়টার্সকে নিশ্চিত করেছেন যে, নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রেসিডেন্ট পেজেশকিয়ান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কোনো সাক্ষাৎ হবে না।

এর আগে রবিবার (২০ সেপ্টেম্বর) ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সতর্ক করে জানায়, আঞ্চলিক কিছু দেশের সহায়তায় যুক্তরাষ্ট্র নতুন করে কোনো সামরিক অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে বলে তথ্য পেয়েছে তারা। তেহরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, এমন কিছু ঘটলে তারা কোনো সীমাবদ্ধতা বা বিবেচনা ছাড়াই পাল্টা জবাব দেবে।

ইরানি কর্মকর্তা আরও বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের বর্তমান অধিবেশন যুক্তরাষ্ট্রের জন্য কূটনীতিতে ফিরে আসার একটি সুবর্ণ সুযোগ। ওয়াশিংটন যদি বাস্তবসম্মত ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করে, তবে তেহরান কূটনীতি পুনরুজ্জীবিত করার এই উদ্যোগকে স্বাগত জানাতে প্রস্তুত।