সাড়ে ৫ লাখ রুপি চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী বর্ষিণী গ্রেপ্তার

প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৬

এক ব্যবসায়ীকে মারধর ও জিম্মি করে সাড়ে ৫ লাখ রুপি চাঁদা আদায়ের অভিযোগে ২৮ বছর বয়সী ভারতীয় অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কটকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে ওই অভিনেত্রীর ব্যাংক অ্যাকাউন্টে চাঁদাবাজির অর্থ স্থানান্তরের প্রমাণ পাওয়ার পর তাকে আটক করা হয়। গত বুধবার (২৩ সেপ্টেম্বর) পুলিশের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্ষিণী ভেঙ্কট ও তার বন্ধুরা তরুণ নামের এক ব্যবসায়ীকে একটি শর্টফিল্মে অর্থ বিনিয়োগ করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু ওই ব্যবসায়ী তাদের এই প্রস্তাবে রাজি হননি। এরপরই গত ২২ আগস্ট ভোরে ব্যবসায়ী তরুণ যখন তার ঘরে ফেরেন, তখন সেখানে আগে থেকেই ওত পেতে ছিলেন বর্ষিণী, তার বন্ধু সঞ্জয় এবং আরও দুজন সহযোগী। তারা ঘরে ঢুকেই ওই ব্যবসায়ীকে মারধর করেন এবং জোরপূর্বক নগদ ৫০ হাজার রুপি কেড়ে নেন।

পরবর্তীতে সঞ্জয় নামের ওই বন্ধু ব্যবসায়ী তরুণকে ফোন করে আরও টাকা দাবি করেন। প্রাণভয়ে তরুণ অভিনেত্রী বর্ষিণীর ব্যাংক অ্যাকাউন্টে ৩ লাখ রুপি এবং সঞ্জয়ের অ্যাকাউন্টে ২ লাখ রুপি পাঠাতে বাধ্য হন। এভাবে নগদ ও ব্যাংক লেনদেন মিলিয়ে মোট ৫ লাখ ৫০ হাজার রুপি হাতিয়ে নেওয়ার পরও সঞ্জয় থামেননি। তিনি ব্যবসায়ীকে ভয়ভীতি দেখিয়ে আরও ২৭ লাখ রুপি চাঁদা দাবি করতে থাকেন।

এই পরিস্থিতিতে ভুক্তভোগী ব্যবসায়ী তরুণ পুলিশে অভিযোগ দায়ের করলে গুইন্ডি থানা পুলিশ একটি মামলা রুজু করে তদন্ত শুরু করে। তদন্তকারী কর্মকর্তারা তরুণের ব্যাংক হিসাবের লেনদেন পরীক্ষা করে অভিনেত্রী বর্ষিণীর অ্যাকাউন্টে টাকা স্থানান্তরের সত্যতা খুঁজে পান। এর ভিত্তিতে গত ২২ সেপ্টেম্বর মাইলাপুর এলাকা থেকে বর্ষিণীকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার ব্যবহৃত আইফোনটি জব্দ করা হয়।

গ্রেপ্তারের পর বর্ষিণীকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করা হলে বিচারক তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। এই চাঁদাবাজির ঘটনার সঙ্গে জড়িত সঞ্জয়সহ অভিনেত্রীর অন্য সহযোগীদের গ্রেপ্তার করতে পুলিশ জোরদার অভিযান চালাচ্ছে বলে জানানো হয়েছে।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত