সিএনএনসহ তিন গণমাধ্যম নিষিদ্ধ করে ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৬ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ‘ট্রাম্প টিভি’ নামে একটি নতুন সম্প্রচার চ্যানেল আনুষ্ঠানিকভাবে চালু করেছে। সিএনএন, পলিটিকো ও এমএস নাওয়ের সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশ নিষিদ্ধ করার পরপরই এই নতুন প্ল্যাটফর্মের ঘোষণা এল। মার্কিন প্রশাসনের বিরুদ্ধে নেতিবাচক ও ভুয়া খবর প্রচারের অভিযোগে গত শুক্রবার এই তিন সংবাদমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প। পরদিন শনিবার থেকেই ওই তিন প্রতিষ্ঠানের সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশ করতে দেওয়া হয়নি। এমনকি টেলিভিশন নেটওয়ার্কগুলোর হোয়াইট হাউস প্রতিনিধিদের পুলের প্রতিনিধিত্ব থেকেও সিএনএনকে বাদ দেওয়া হয়েছে। ‘ট্রাম্প টিভি: দ্য এসেনশিয়ালস স্টেশন’ নামে এই চ্যানেলটি হোয়াইট হাউসের নিজস্ব ইউটিউব চ্যানেলের মাধ্যমে পরিচালিত হচ্ছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাতটায় চ্যানেলটি আনুষ্ঠানিকভাবে সরাসরি সম্প্রচার শুরু করে। এতে প্রশাসনিক ঘোষণা, প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ বক্তব্য ও পুরোনো বিভিন্ন ভিডিও ২৪ ঘণ্টা সরাসরি দেখানো হচ্ছে। প্রশাসন নিজেই এই ভিডিও ও কনটেন্টগুলো তৈরি ও নির্বাচন করছে, যা বাইরের সাংবাদিকদের স্বাধীন সাংবাদিকতার কোনো বিকল্প নয়। এই নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় সিএনএন, পলিটিকো ও এমএস নাও সোমবার সকালে ওয়াশিংটন ডিসির ফেডারেল ডিস্ট্রিক্ট আদালতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। প্রভাবশালী এই সংবাদমাধ্যমগুলোর অভিযোগ, হোয়াইট হাউসে তাদের প্রবেশ নিষিদ্ধ করার মাধ্যমে ট্রাম্প মার্কিন সংবিধান লঙ্ঘন করেছেন। এর আগে, সিএনএনকে পুল থেকে বাদ দেওয়ায় টেলিভিশন পুলের পক্ষ থেকে হোয়াইট হাউসকে জানানো হয় যে, সিএনএনকে অন্যায়ভাবে বাদ দেওয়ায় কোনো চ্যানেলই প্রেসিডেন্টের অনুষ্ঠানের ভিডিও করবে না। হোয়াইট হাউস ও মার্কিন সংবাদমাধ্যমগুলোর মধ্যে বিরোধ যখন তুঙ্গে, তখনই ট্রাম্প টিভি চালু করা হলো। সমালোচকদের মতে, এর মাধ্যমে ট্রাম্প প্রশাসন স্বাধীন সংবাদমাধ্যমের নজরদারি এড়িয়ে যাওয়ার বা তা দুর্বল করার চেষ্টা করছে। তবে ট্রাম্পের সমর্থকদের দাবি, সংবাদমাধ্যমের মধ্যস্থতা ছাড়াই জনগণ যাতে প্রেসিডেন্টের বক্তব্য সরাসরি দেখতে পারে, ট্রাম্প টিভি সেই সুযোগ তৈরি করছে। এদিকে, সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের অন্যান্য দেশের দর্শকদের জন্যও এই নতুন চ্যানেলের মাধ্যমে মার্কিন প্রশাসনের বক্তব্য সরাসরি দেখার সুযোগ থাকবে। SHARES আন্তর্জাতিক বিষয়: গণমাধ্যমট্রাম্প টিভিডোনাল্ড ট্রাম্পসিএনএনহোয়াইট হাউস