জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৬ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের উদ্দেশ্যে নিউইয়র্ক সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস কর্তৃক আয়োজিত স্বাগত প্রাতরাশে (ওয়েলকাম ব্রেকফাস্ট) যোগদান করেছেন। এই অনুষ্ঠানের মধ্য দিয়েই জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে বাংলাদেশের সরকারপ্রধানের আনুষ্ঠানিক ও ব্যস্ত সফরসূচি শুরু হলো। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টায় জাতিসংঘ সদরদপ্তরের নর্থ ডেলিগেটস লাউঞ্জে বিশ্বনেতাদের সম্মানে এই প্রাতরাশ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বিশ্বনেতারা তাদের জীবনসঙ্গীদের নিয়ে মঞ্চে ওঠেন এবং জাতিসংঘ মহাসচিব ও তার স্ত্রীর সঙ্গে ফটোসেশনে অংশ নেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান মঞ্চে উঠে আন্তোনিও গুতেরেস ও তার স্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং ফটোসেশনে অংশ নেন। প্রাতরাশ শেষে সকাল ৯টায় প্রধানমন্ত্রী জাতিসংঘ সদরদপ্তরের সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিত ৮১তম অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দেন, যেখানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা উপস্থিত ছিলেন। সফরসূচি অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন। বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে এটি হবে তার প্রথম ভাষণ এবং প্রথা অনুযায়ী তিনি বাংলায় বক্তব্য রাখবেন। এছাড়া সফরকালে তিনি বিভিন্ন দেশের সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও উচ্চপর্যায়ের সৌজন্য সাক্ষাৎ করবেন। SHARES অন্যান্য বিষয়: জাতিসংঘতারেক-রহমাননিউইয়র্কবাংলাদেশসাধারণ পরিষদ