১৮তম বিজেএস পরীক্ষায় তৃতীয় হয়ে ফারিহার সাফল্য, স্বামীও ছিলেন একই অবস্থানে

প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মালিক ফারিহা মেহনাজ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) ১৮তম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিভিল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবারের পরীক্ষায় মোট ২০০ জন উত্তীর্ণ হয়েছেন এবং ফারিহা মেধাক্রমে তৃতীয় স্থান অর্জন করেছেন।

ফারিহার এই সাফল্যে তার পরিবারে নতুন আনন্দের সঞ্চার হয়েছে। এর আগে তার স্বামী আল জাদিদ একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ১৭তম বিজেএস পরীক্ষায় অংশ নিয়ে মেধাক্রমে তৃতীয় স্থান অর্জন করেছিলেন। বর্তমানে তিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন।

ফলাফল প্রকাশের পর ফারিহার স্বামী আল জাদিদ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন। স্ত্রীকে অভিনন্দন জানিয়ে তিনি ফেসবুকে লেখেন, 'আলহামদুলিল্লাহ। আমার স্ত্রীকে সিভিল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশ করা হয়েছে। মেধাক্রম ৩য় (আমার মতোই)।'

নিজের সাফল্যের প্রতিক্রিয়ায় মালিক ফারিহা মেহনাজও তার ফেসবুক পোস্টে লিখেছেন, 'আলহামদুলিল্লাহ। সিভিল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত। মেধাক্রম ৩য়। ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা।'

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত