২০২৭ সালের হজের নিবন্ধনের সময় শেষ আজ, কোটা নিয়ে জটিলতা প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৬ পবিত্র হজ ২০২৭-এর চূড়ান্ত নিবন্ধনের আনুষ্ঠানিক সময় আজ শনিবার শেষ হচ্ছে। শুক্রবার পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৫৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭০ হাজার ৮৬৪ জনসহ মোট ৭৫ হাজার ৯১৮ জন হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। বাংলাদেশের জন্য নির্ধারিত ৭৮ হাজার ৫০০ জনের কোটার বিপরীতে বর্তমানে মাত্র ২ হাজার ৫৮২টি আসন খালি রয়েছে। তবে নিবন্ধন প্রক্রিয়ায় প্রায় ১৩ হাজার ‘আনপেইড ভাউচার’ ঝুলে থাকায় কোটার চেয়ে হজযাত্রীর সংখ্যা অনেক বেশি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এসব ভাউচারের অর্থ আজ শনিবারের মধ্যে জমা দেওয়ার সুযোগ রয়েছে। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, শনিবারের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের প্যাকেজের সাড়ে ৩ লাখ টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছিল। সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৫০০ জনসহ মোট ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারিত রয়েছে। গত ২৭ জুলাই থেকে এই নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছিল। নিবন্ধন শেষ হওয়ার পর চূড়ান্ত তালিকা সৌদি আরবকে জানানো হবে। এরপরই সৌদি পর্বের অর্থ প্রেরণ, আবাসন, স্বাস্থ্য পরীক্ষা, টিকা ও প্রশিক্ষণের মতো প্রস্তুতিমূলক কাজ শুরু হবে। তবে নির্ধারিত কোটার চেয়ে ১০ হাজারের বেশি হজযাত্রী আগ্রহ প্রকাশ করায় জটিলতা তৈরি হয়েছে। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের অনুমোদন ছাড়া কোটার বাইরে অতিরিক্ত নিবন্ধন করা হবে না। বাড়তি কোটা পাওয়ার জন্য সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। ধর্ম মন্ত্রণালয়ের হজ অধিশাখার উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া জানান, আপাতত কোটার বাইরে অতিরিক্ত নিবন্ধন করা হচ্ছে না। এদিকে নারায়ণগঞ্জ সাদ ইন্টারন্যাশনাল হজ এজেন্সির মালিক শহীদ উল্লাহ খান জানান, প্রায় ২০ হাজার অতিরিক্ত হজযাত্রী আগ্রহ প্রকাশ করেছেন এবং আরও ২০ হাজার অতিরিক্ত কোটা প্রয়োজন। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেন, নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে প্রকৃত চিত্র পাওয়া যাবে। সরকার হজযাত্রীদের জন্য স্বচ্ছ ও নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে এবং অতিরিক্ত কোটা পাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ বিষয়ে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সঙ্গে আলোচনা করে সৌদি আরবে প্রস্তাব পাঠানো হবে। SHARES ইসলাম বিষয়: ধর্ম মন্ত্রণালয়নিবন্ধনহজহজ কোটাহজযাত্রী