বন্দরে সোনার দোকানে দিনদুপুরে ডাকাতি, সিসিটিভি দেখে আটক ১ প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৬ নারায়ণগঞ্জের বন্দরের ১ নম্বর ঢাকেশ্বরী বাজারে দিনদুপুরে একটি সোনার দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দুপুরে ধারালো দেশি অস্ত্র হাতে একদল ডাকাত দোকানে ঢুকে মালিককে মারধর করে এবং এক নারী ক্রেতাকে জিম্মি করে স্বর্ণালংকার ও রুপা লুট করে নিয়ে যায়। এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আজ শনিবার বিকেলে একজনকে আটক করেছে পুলিশ। ক্ষতিগ্রস্ত সোনার দোকানের মালিক দেবাশীষ ঢালী জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল হঠাৎ তাঁর দোকানে প্রবেশ করে। ডাকাত দলের হাতে বিভিন্ন ধরনের দেশি অস্ত্র ছিল। তারা প্রথমে অস্ত্রের ভয় দেখিয়ে দেবাশীষকে মারধর করে। এরপর দোকানে থাকা এক নারী ক্রেতাকে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর পার্স থেকে টাকা ও শরীর থেকে সাড়ে তিন ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। পরবর্তীতে ডাকাতেরা দোকানের সিন্দুক ও ড্রয়ার ভেঙে আরও প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণ এবং ২০০ থেকে ৩০০ ভরি রুপা লুট করে পালিয়ে যায়। ব্যস্ত এলাকায় দিনের বেলায় এমন সশস্ত্র ডাকাতির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দোকানমালিক দেবাশীষ ঢালী বলেন, ‘দিনদুপুরে যেভাবে ডাকাতি করেছে, আমরা হতবাক। ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারের জোর দাবি জানাচ্ছি।’ ঘটনার পর লুণ্ঠিত মালামাল উদ্ধার ও জড়িতদের ধরতে পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, খোয়া যাওয়া সোনা ও রুপা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযান চালিয়ে ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। দলের অন্য সদস্যদের ধরতেও অভিযান চালানো হচ্ছে। তিনি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে মামলা দায়ের করা হবে। SHARES জাতীয় বিষয়: গ্রেপ্তারডাকাতিনারায়ণগঞ্জবন্দর থানাসোনার দোকান