চুয়েটে চোখে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৬ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনের নবম দিনে চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ মিছিল করেছেন শিক্ষার্থীরা। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে এই মিছিল বের হয়। প্রশাসনের নীরবতার প্রতীক হিসেবে শিক্ষার্থীরা চোখ বেঁধে রাজপথে নেমে আসেন। মিছিলটি ক্যাম্পাসের চিকিৎসাকেন্দ্রের পাশের রাস্তা হয়ে স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে ফিরে গিয়ে শেষ হয়। মিছিলের সময় শিক্ষার্থীদের কণ্ঠে ‘ভিসি স্যার, ভিসি স্যার—সায়েম স্যার, সায়েম স্যার’, ‘মোদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’ এবং ‘প্রশাসন নীরব কেন, জবাব চাই, জবাব চাই’—এমন বিভিন্ন স্লোগান শোনা যায়। আন্দোলনরতরা দাবি করেন, গত নয় দিন ধরে তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি জানিয়ে এলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, যা তাদের হতাশ করেছে। এ বিষয়ে পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইজাজ মাহমুদ খান বলেন, দীর্ঘ নয় দিন ধরে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছি। অত্যন্ত দুঃখজনক যে, এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া বা দৃশ্যমান উদ্যোগ আমরা দেখিনি। এই নীরবতার প্রতিবাদ জানাতেই আমরা চোখে কালো কাপড় বেঁধে রাজপথে নেমেছি। SHARES ক্যাম্পাস বিষয়: অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমআন্দোলনচুয়েটপ্রতিবাদশিক্ষার্থী