প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৬

ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারি প্রেস সচিব কেএম নাজমুল হক।

সাক্ষাতকালে দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, অভিবাসন এবং মানবসম্পদ উন্নয়নের মতো পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার পরিধি বাড়ানোর বিষয়ে আলোকপাত করা হয়েছে।

সহকারি প্রেস সচিব জানান, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রযাত্রায় যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি ভবিষ্যতে বাণিজ্য ও বিনিয়োগের পরিধি আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেছেন। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়েছে এবং পারস্পরিক স্বার্থে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।