চট্টগ্রামে এক মাসে সড়কে প্রাণ ঝরল ৭৫ জনের

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৬

চট্টগ্রাম বিভাগে সেপ্টেম্বর মাসে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। রোড সেফটি ফাউন্ডেশনের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, মাসজুড়ে বিভাগে মোট ৭৯টি দুর্ঘটনায় ৭৫ জন প্রাণ হারিয়েছেন এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। দেশের বিভিন্ন বিভাগের মধ্যে সড়ক দুর্ঘটনার পরিসংখ্যানে চট্টগ্রাম বর্তমানে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

রোববার (৪ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনটি দেশের ৯টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন পোর্টাল এবং ইলেকট্রনিক মিডিয়ার তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। সার্বিক তথ্য বলছে, সেপ্টেম্বর মাসে সারাদেশে মোট ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নিহত এবং ৬৭৪ জন আহত হয়েছেন। এর মধ্যে শুধুমাত্র চট্টগ্রাম বিভাগেই ঘটেছে ১৭ দশমিক ৮৭ শতাংশ দুর্ঘটনা এবং ১৭ দশমিক ৭৩ শতাংশ প্রাণহানির ঘটনা। সবচেয়ে বেশি দুর্ঘটনা ও মৃত্যু রেকর্ড করা হয়েছে ঢাকা বিভাগে, যেখানে ১৩২টি দুর্ঘটনায় ১৩৪ জনের মৃত্যু হয়েছে।

নিহতদের মধ্যে ৭৩ জন নারী এবং ৬১ জন শিশু রয়েছে। মোট মৃত্যুর ৩২ দশমিক ৮৬ শতাংশই ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। এছাড়া পথচারী নিহতের সংখ্যা ১০৬ জন, যা মোট প্রাণহানির ২৫ দশমিক ৫ শতাংশ। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্যমতে, সেপ্টেম্বর মাসে প্রতিদিন গড়ে ১৪ জন করে মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। সংস্থাটির পর্যবেক্ষণে উঠে এসেছে, অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর ফলে নিয়ন্ত্রণ হারিয়েই অধিকাংশ দুর্ঘটনা ঘটছে। মোট দুর্ঘটনার ২৯ দশমিক ৮৬ শতাংশ এবং মোট প্রাণহানির ৩১ দশমিক ৬৭ শতাংশই ঢাকা বিভাগে। এছাড়া গাড়ির বেপরোয়া গতি ও পথচারীদের অসচেতনতার কারণে পথচারী নিহতের ঘটনাও বাড়ছে বলে জানিয়েছে সংস্থাটি। এজন্য সরকারি উদ্যোগে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সচেতনতামূলক প্রচারণা চালানোর সুপারিশ করা হয়েছে।

দুর্ঘটনার কারণ বিশ্লেষণে ত্রুটিপূর্ণ সড়ক ও যানবাহন, বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা, শারীরিক-মানসিক অসুস্থতা, অনির্দিষ্ট কর্মঘণ্টা ও বেতন, মহাসড়কে ধীরগতির গাড়ি চলাচল, ট্রাফিক আইন না জানা এবং চাঁদাবাজিকে দায়ী করা হয়েছে। পাশাপাশি তরুণদের অনিয়ন্ত্রিত মোটরসাইকেল চালানো ও বিআরটিএর সক্ষমতার ঘাটতিকেও অন্যতম বড় কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ পরিস্থিতিতে গতি নিয়ন্ত্রণে প্রযুক্তির মাধ্যমে নজরদারি এবং চালকদের মোটিভেশনাল প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে।

সড়ক দুর্ঘটনা রোধে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল পুনর্গঠন, বিআরটিএ ও ডিটিসিএর মতো সংস্থার ব্যবস্থাপনাগত সংস্কার এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার সুপারিশ দিয়েছে সংস্থাটি। এছাড়া দক্ষ চালক তৈরির উদ্যোগ, মহাসড়কে আলাদা সার্ভিস রোড নির্মাণ, রেলক্রসিংয়ে গেটকিপার নিয়োগ এবং মেয়াদোত্তীর্ণ গাড়ি প্রত্যাহারের ওপর জোর দেওয়া হয়েছে। সড়ক, রেল ও নৌপরিবহনকে সমন্বিত করতে একটি অভিন্ন যোগাযোগ মন্ত্রণালয় গঠনের কথাও বলা হয়েছে প্রতিবেদনে।

উল্লেখ্য যে, সেপ্টেম্বর মাসে কেবল সড়ক পথেই নয়, নৌ ও রেলপথেও বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। মাসে ১১টি নৌ-দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন সাতজন এবং চারজন নিখোঁজ রয়েছেন। এছাড়া ২৩টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ১৯ জন নিহত ও ছয়জন আহত হওয়ার ঘটনা রেকর্ড করা হয়েছে। সেপ্টেম্বরে শুধু সড়ক দুর্ঘটনাই নয়, নৌ ও রেল দুর্ঘটনাতেও প্রাণহানি ঘটেছে।