চৌগাছায় গরু চুরি চেষ্টার অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৬

যশোরের চৌগাছা উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের বাঘারদাড়ি গ্রামে গরু চুরির চেষ্টার অভিযোগে গণপিটুনিতে মিজানুর রহমান (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান কুষ্টিয়ার বাটকেমারি গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে বাঘারদাড়ি গ্রামের সেকেন্দার আলীর ছেলে ইদ্রিস আলীর বাড়িতে তিনজনের একটি দল প্রবেশ করে। বাড়ির মালিক ইদ্রিস আলী জানান, রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হয়ে তিনি গোয়ালঘরের কাছে তিনজনকে দেখতে পান। তারা গোয়ালঘরের তালা ভাঙার চেষ্টা করছিলেন। ইদ্রিস আলী আরও জানান, প্রায় এক বছর আগেও তার গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি হয়েছিল।

বাড়ির মালিকের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে চোরদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে দুজন পালিয়ে যেতে সক্ষম হলেও মিজানুর রহমানকে স্থানীয়রা ধরে ফেলেন। এ সময় বিক্ষুব্ধ লোকজন তাকে মারধর করলে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত মিজানুর রহমানকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রেজা উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত আঘাতের কারণে শরীরের অভ্যন্তরে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানিয়েছেন, পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, ঘটনার তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।