কর্ণফুলীতে মানসিক প্রতিবন্ধী তরুণের রহস্যজনক মৃত্যু, বাবা আটক প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৬ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় চিকিৎসার নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার জুলধা ইউনিয়নের ডাঙ্গারচর এলাকায় সাঈদ মোহাম্মদ আব্দুল্লাহ (১৮) নামের ওই তরুণ মারা যান। তিনি জন্মগতভাবেই মানসিক প্রতিবন্ধী ছিলেন। এই ঘটনায় অভিযুক্ত সাঈদের বাবা নুর মোহাম্মদকে আটক করেছে কর্ণফুলী থানা পুলিশ। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন সাঈদের দীর্ঘদিন ধরেই বিভিন্ন ধরণের চিকিৎসা চলছিল। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সাঈদের বাবা নুর মোহাম্মদ নিজেও কবিরাজি চিকিৎসার সঙ্গে জড়িত। মঙ্গলবার বাড়িতেই সাঈদের বিশেষ চিকিৎসার আয়োজন করা হয়েছিল। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ওই সময় চিকিৎসার নাম করে সাঈদের মুখের ভেতর লাঠিসদৃশ একটি বস্তু ঢুকিয়ে দেওয়া হয়। এর পরপরই তাঁর নাক ও মুখ দিয়ে প্রচণ্ড রক্তপাত শুরু হয় এবং বিকেল নাগাদ তাঁর মৃত্যু হয়। এ বিষয়ে জুলধা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য সাইফুল ইসলাম বদি জানান, কোনো এক ভণ্ড পীরের পরামর্শ অনুযায়ী মানসিক ভারসাম্যহীন ছেলের চিকিৎসা করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে বলে তারা শুনেছেন। এ ধরনের অদ্ভুত চিকিৎসায় প্রাণ হারানোয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কর্ণফুলী থানা পুলিশ ঘটনাস্থল থেকে সাঈদের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেছে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পরই মৃত্যুর সঠিক কারণ ও নেপথ্যের ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। SHARES অপরাধ বিষয়: অপরাধকর্ণফুলীচট্টগ্রামচিকিৎসাপুলিশ