দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটক করল পুলিশ

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৬

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রায় ৯ ঘণ্টার টানা বিক্ষোভের পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রসহ দেশটির বেশ কয়েকজন বিরোধী দলীয় নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ। ইন্ডিয়া এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার রাতে আকাশবাণী ভবনের সামনে এই বিক্ষোভ চলাকালীন পুলিশ ইন্ডিয়া জোটের নেতাদের বাসে তুলে বিভিন্ন থানায় নিয়ে যায়।

আটক হওয়া নেতাদের তালিকায় রয়েছেন অখিলেশ যাদব, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, ইমরান মাসুদ, পি সন্তোষ ও এ রহিম। দিনের শুরুর দিকে বিরোধী দলের এমপিরা ব্যারিকেডের ওপর উঠে তাদের প্রতিবাদ জানান। তারা দাবি করেন, প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে তাকে ‘ভোট চুরি’র জন্য দায়ী করার সুযোগ না পাওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।

দেশটির ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে অনিয়মের অভিযোগ তুলে এই কর্মসূচির ডাক দিয়েছিল বিরোধী দলগুলো। বিক্ষোভের এক পর্যায়ে রাহুল ও প্রিয়াঙ্কা সমর্থকদের নিয়ে আকাশবাণী ভবনের ভেতরে প্রবেশ করেন এবং নির্বাচন কমিশনের সদর দপ্তরে যাওয়ার চেষ্টা করেন। এ সময় কংগ্রেস নেতা পবন খেরাসহ দলের অন্যান্য নেতাকর্মীরাও সেখানে অবস্থান নেন।

ভবনের ভেতর থেকে সাংবাদিকদের সাথে আলাপকালে রাহুল গান্ধী দাবি করেন, তারা ‘গণতন্ত্র রক্ষার’ লড়াই করছেন। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আরএসএস প্রধান মোহন ভাগবত এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মিলে দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছেন। রাহুল আরও দাবি করেন যে, তরুণ প্রজন্মের পাশাপাশি কিছু পুলিশ কর্মকর্তাও ভোট ‘চুরি’ ও নির্বাচন ‘দখল’ করার এই অপচেষ্টা সম্পর্কে অবগত আছেন।