ফ্রান্সে শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভ, বন্ধ শত শত স্কুল

প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৬

ফ্রান্সে গত কয়েক দশকের মধ্যে অন্যতম বড় ছাত্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। শিক্ষাক্ষেত্রে বাজেট কমিয়ে আনা, শ্রেণিকক্ষ সংকট এবং পর্যাপ্ত শিক্ষকের অভাবের প্রতিবাদে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকারের বিরুদ্ধে টানা দুই সপ্তাহ ধরে এই আন্দোলন চলছে। পরিস্থিতি ক্রমশ তীব্র হচ্ছে এবং আজ দেশজুড়ে শিক্ষার্থীরা শত শত স্কুল ব্লকেড করেছেন।

হাইস্কুল স্টুডেন্টস ইউনিয়নের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দেশজুড়ে ১৮০০-এর বেশি স্কুল অবরুদ্ধ করা হয়েছে। এর মধ্যে অনেক স্কুল অনলাইনে পাঠদান কার্যক্রম পরিচালনার চেষ্টা করছে। রয়টার্স জানিয়েছে, মার্সেই, নাঁতেস এবং লিওঁ শহরে সকালের দিকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শুরু হলেও রাজধানী প্যারিসে দুপুরের পর বড় ধরনের বিক্ষোভের আশঙ্কা করা হচ্ছে।

আন্দোলনের শুরুর দিকে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ ও গণগ্রেপ্তার অভিযান চালায়, যার ফলে আন্দোলন আরও ছড়িয়ে পড়ে। বর্তমানে সরকার দাবি করেছে যে এই বিক্ষোভ শহুরে সহিংসতায় রূপ নিয়েছে।

বিক্ষোভের মধ্যে গতকাল সোমবার উত্তর ফ্রান্সে এক ১৫ বছর বয়সী শিক্ষার্থীর হাত বিস্ফোরণে উড়ে গেছে। স্থানীয় কর্মকর্তাদের ভাষ্যমতে, সেখানে ২৫০ থেকে ৩০০ বিক্ষোভকারী পুলিশকে লক্ষ্য করে শক্ত বস্তু ছুড়ছিল। আঞ্চলিক সংবাদমাধ্যম 'লা ভয়েক্স নর্ড'-এর প্রতিবেদন অনুযায়ী, ওই শিক্ষার্থী পুলিশের একটি গ্রেনেড নিজের হাতে তুলে নিলে সেটি বিস্ফোরিত হয়, যার ফলে তার হাত ও শরীরের নিচের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।