সাজেক পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ, পর্যটকদের ফেরার নির্দেশ প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৬ নিরাপত্তাজনিত পরিস্থিতির প্রেক্ষাপটে রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। এর ফলে অনির্দিষ্টকালের জন্য সাজেকে পর্যটকদের ভ্রমণ স্থগিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বর্তমানে সাজেকে অবস্থানরত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের আগামী মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার মধ্যে পর্যটনকেন্দ্র ছেড়ে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে বলা হয়েছে। বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রে পর্যটকদের যাতায়াত ও অবস্থান বর্তমানে সম্পূর্ণ বন্ধ থাকবে। এর আগে স্থানীয় পর্যায়ে অস্থিরতা ও বিক্ষোভের মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার সকাল ৬টা থেকে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি শুরু করে। এই অবরোধের ফলে সাজেকের রুইলুই পর্যটনকেন্দ্রে যাতায়াতের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, যা পর্যটকদের যাতায়াত ব্যবস্থাকে চরম বিঘ্নিত করে। উদ্ভুত সার্বিক পরিস্থিতি ও পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করেই স্থানীয় প্রশাসন পর্যটনকেন্দ্রটি বন্ধ রাখার এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে। SHARES ভ্রমণ বিষয়: অবরোধপর্যটনবাঘাইছড়িরাঙামাটিসাজেক