দখল ও ভাঙনে বিপর্যস্ত ভৈরব নদ, নওয়াপাড়ার বাণিজ্যে বড় ঝুঁকি

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৬

যশোরের অভয়নগরে ভৈরব নদের বিভিন্ন স্থানে দখল ও ভরাটের ফলে নদের স্বাভাবিক প্রবাহ ও নাব্যতা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, নদীর জায়গায় কৃত্রিম চর তৈরি করে ঘাট এবং বিভিন্ন স্থাপনা নির্মাণের ফলে নদের গতিপথ বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া নদীতীরের ভাঙনে ফসলি জমিও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

রাজঘাট থেকে বসুন্দিয়া ইউনিয়নের আফ্রা ঘাট পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত নওয়াপাড়া নদীবন্দর। নৌ, সড়ক ও রেল যোগাযোগের সুবিধার কারণে এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র হিসেবে পরিচিত। বর্তমানে এখানে সার, সিমেন্ট, খাদ্যশস্য ও কয়লাসহ বিভিন্ন পণ্যের ব্যবসা পরিচালিত হয়। নদীর নাব্যতা কমে গেলে পণ্য পরিবহন ও নৌযান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রমে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, নদীর বিভিন্ন স্থানে মাটি ও বালু ফেলে কৃত্রিম চর তৈরির চেষ্টা চলছে। কোথাও কোথাও বাঁশ, কাঠ ও টিন দিয়ে নদীর অংশবিশেষ ঘিরে দখলের পাঁয়তারা করা হচ্ছে। তবে দখলের প্রকৃত পরিমাণ এবং ভাঙনের সঙ্গে এসব কর্মকাণ্ডের সম্পর্ক নির্ধারণে জরিপ প্রয়োজন বলে মনে করছেন তাঁরা। নওয়াপাড়া নদীবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০০৭ সালে বন্দরের কার্যক্রম শুরু হওয়ার পর বর্তমানে এখানে নয়টি সরকারি জেটি এবং প্রায় ১০০টি ব্যক্তি মালিকানাধীন ঘাট রয়েছে। ২০১৯-২০ অর্থবছরে বন্দরের অবকাঠামো উন্নয়নে গাইডওয়াল, স্থায়ী জেটি ও কাস্টমস ভবন নির্মাণের পরিকল্পনা প্রস্তাব করা হয়েছিল।

নওয়াপাড়া সার, সিমেন্ট ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহজালাল হোসেন জানান, নওয়াপাড়ায় প্রায় ৪০০ ব্যবসায়ী রয়েছেন। নদীর নাব্যতা রক্ষা করা না গেলে ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। তিনি উল্লেখ করেন, ইতিমধ্যে গম ও চালের সরবরাহ কমেছে এবং কয়লা আসার হারও আগের তুলনায় হ্রাস পেয়েছে। স্থানীয়রা মনে করছেন, নদীর সীমানা নির্ধারণ, দখলের অভিযোগ তদন্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং নাব্যতা ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

এ বিষয়ে নওয়াপাড়া নদীবন্দরের উপপরিচালক মাসুদ পারভেজ জানান, কৃত্রিম চর তৈরি করে নদী দখলের অভিযোগে জড়িতদের তালিকা করা হয়েছে এবং তাদের নোটিশ দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত