দিল্লি পুলিশকে বিক্ষোভের তারিখ নির্ধারণে ২৪ ঘণ্টার আলটিমেটাম সিজেপির

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৬

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি আয়োজনের জন্য নতুন তারিখ নির্ধারণের দাবি জানিয়ে দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এই সময়ের মধ্যে পুলিশ কোনো সাড়া না দিলে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির সহ-সমন্বয়ক আশুতোষ রানকা।

সোমবার (১২ অক্টোবর) আশুতোষ রানকা আরেক সহ-সমন্বয়ক সৌরভ দাসকে সঙ্গে নিয়ে পার্লামেন্ট স্ট্রিট থানায় উপস্থিত হন। সেখানে তারা বিক্ষোভের নতুন তারিখ নির্ধারণের দাবি জানান। রানকা বলেন, যন্তর মন্তর বিক্ষোভের জন্য নির্ধারিত স্থান। সেখানে আমরা কবে বিক্ষোভ করতে পারব, সেই তারিখ জানতে এসেছি। তিনি আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পুলিশকে জানাতে হবে কীভাবে তারা বিক্ষোভের অনুমতি দিতে পারে, অন্যথায় দলটি পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।

এর আগে গত ১০ অক্টোবর সিজেপির প্রস্তাবিত বিক্ষোভের অনুমতি প্রত্যাখ্যান করেছিল দিল্লি পুলিশ। পুলিশ জানায়, আয়োজকদের পক্ষ থেকে খুব স্বল্প সময়ের নোটিশে আবেদন করা হয়েছিল। নিয়ম অনুযায়ী, বিক্ষোভের জন্য অন্তত ১০ দিন আগে আবেদন করতে হয়, কিন্তু সিজেপি কর্মসূচির মাত্র তিন দিন আগে অর্থাৎ ৭ অক্টোবর আবেদন জমা দিয়েছিল। এছাড়া আগের বিক্ষোভে নিয়ম লঙ্ঘন, জননিরাপত্তা ঝুঁকি, যান চলাচল ব্যাহত হওয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগের কথা জানিয়েছিল পুলিশ।

সিজেপির এই বিক্ষোভের মূল লক্ষ্য ছিল প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করা। এসআইআর কার্যক্রমে কথিত অনিয়মের প্রতিবাদে দলটির চলমান আন্দোলনের অংশ হিসেবেই এই কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করা হয়েছিল।