আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও টেস্ট কিট বিতরণ

প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৬

ডেঙ্গু মোকাবিলায় সচেতনতার কোনো বিকল্প নেই। নিজেদের বসতবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দিয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুর বিস্তার রোধ এবং প্রাণহানি শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব। শনিবার (২৪ অক্টোবর) সকালে আনোয়ারা উপজেলায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে এবং নিজ নিজ বাড়িঘর ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে।

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী গত ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসব্যাপী দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় চালানো হচ্ছে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। এই কর্মসূচির অংশ হিসেবেই আনোয়ারা উপজেলায় জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে।

পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী আনোয়ারা থানার পরিত্যক্ত পুকুর ও আশেপাশের এলাকা পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই কার্যক্রমকে আমরা সাধুবাদ জানাই। বাড়ির আঙিনা বা নর্দমায় পানি জমে থাকলে সেখানে মশার লার্ভা জন্মায়, তাই এসব বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং এর প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি।

কর্মসূচির আওতায় আনোয়ারা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা ও ডেঙ্গু পরীক্ষার টেস্ট কিট বিতরণ কার্যক্রম। ‘রাখব চারপাশ পরিষ্কার, করব ডেঙ্গু প্রতিকার’—এই প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. সাইদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন ও আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরীসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।