চসিকের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ডা. শাহাদাত হোসেন প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৬ চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পূর্ণকালীন প্রশাসক হিসেবে ডা. শাহাদাত হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন, ২০২৬-এর ৪ ধারা অনুযায়ী তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব জুয়েল রানা। প্রজ্ঞাপন অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অথবা নতুন সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত তিনি প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। আইনের ৪ ধারার ৩ উপধারা অনুযায়ী তিনি মেয়রের সমতুল্য ক্ষমতা ও দায়িত্ব প্রয়োগ করবেন এবং বিধি মোতাবেক সম্মানী ও ভাতাদি প্রাপ্য হবেন। প্রসঙ্গত, ২০২১ সালের ২৭ জানুয়ারির চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে ডা. শাহাদাত হোসেন মামলা করেছিলেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও জুলাই গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের ১ অক্টোবর আদালত তাকে বিজয়ী ঘোষণা করে রায় দেন। SHARES রাজনীতি বিষয়: চট্টগ্রামচট্টগ্রাম সিটি করপোরেশনডা. শাহাদাত হোসেনপ্রশাসকরাজনীতি