পিএইচপি২শেল ত্রুটি: বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে জরুরি সতর্কতা

প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৬

ইন্টারনেটের একটি বিশাল অংশ পরিচালনার পেছনে ব্যবহৃত প্রযুক্তি পিএইচপি-তে এক দশকেরও বেশি সময় ধরে থাকা একটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সাহায্যে এই ত্রুটিটি খুঁজে পাওয়ার পর বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। সরকারি ওয়েবসাইট থেকে শুরু করে অনলাইন কেনাকাটার প্ল্যাটফর্ম পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানকে তাদের সিস্টেম পরীক্ষা করে দ্রুত নিরাপত্তা হালনাগাদ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ত্রুটিটির নাম দেওয়া হয়েছে ‘পিএইচপি২শেল’। যদিও এখন পর্যন্ত এই ত্রুটির সুযোগ নিয়ে সফল কোনো সাইবার হামলার খবর পাওয়া যায়নি, তবুও নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে সময়মতো ব্যবস্থা না নিলে বিশ্বব্যাপী বিপুলসংখ্যক ওয়েবসাইট ও ডিজিটাল সেবা বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। পিএইচপি বা হাইপারটেক্সট প্রিপ্রসেসর হলো একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা, যা ওয়েবসাইটের তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ এবং ব্যবহারকারীর ইন্টারফেস প্রদর্শনের কাজে ব্যবহৃত হয়। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান উইজের তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইটে পিএইচপি ব্যবহৃত হয়, যার মধ্যে উইকিপিডিয়া, অনলাইন শপ এবং ওয়ার্ডপ্রেসের মতো প্ল্যাটফর্ম অন্তর্ভুক্ত। এছাড়া লারাভেল, সিমফনি ও ড্রুপালের মতো কাঠামোও এই ভাষার ওপর নির্ভরশীল।

গবেষকরা পিএইচপির বিভিন্ন সংস্করণে গত এক দশকে বিদ্যমান দুটি গুরুতর ত্রুটি শনাক্ত করেছেন। নিরাপত্তাঝুঁকির স্কেলে এর স্কোর ১০-এর মধ্যে ৯ দশমিক ২। গবেষকদের আশঙ্কা, হ্যাকাররা এই ত্রুটি ব্যবহার করে সার্ভারের নিয়ন্ত্রণ নিতে পারে এবং সংবেদনশীল তথ্য চুরি করতে পারে। ইউনিভার্সিটি অব অ্যাডিলেডের গবেষক জিল স্লে সতর্ক করেছেন যে, রাষ্ট্র বা হ্যাকারগোষ্ঠী একে অস্ত্র হিসেবে ব্যবহার করলে তার পরিণতি ভয়াবহ হতে পারে।

গত ২১ অক্টোবর সতর্কতা জারির পর বিশ্বজুড়ে সরকারি ও বেসরকারি খাতে তৎপরতা শুরু হয়েছে। উইকিমিডিয়া সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের কিছু ব্যবস্থা বন্ধ রেখেছে। ফিনল্যান্ড সরকার, এডিনবরা কাউন্সিল এবং বিবিসি তাদের কিছু ওয়েবপৃষ্ঠা সাময়িকভাবে বন্ধ করেছে। যুক্তরাজ্য সরকার ৩২টি ওয়েবসাইট এবং ফরাসি টেলিযোগাযোগ প্রতিষ্ঠান অরেঞ্জ বিশ্বজুড়ে কিছু সেবা সাময়িকভাবে স্থগিত করেছে। জাপানে সফটব্যাংক তাদের দুর্যোগ সতর্কবার্তা পাঠানোর ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ রেখেছে।

ওপেনএআইয়ের উন্নত এআই সরঞ্জাম ব্যবহার করে গবেষকরা এই ত্রুটিগুলো শনাক্ত করেছেন। নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের গবেষক সালিল কানহেরে জানান, ত্রুটিগুলো নতুন নয়, বরং এগুলো খুঁজে বের করার সক্ষমতা অর্জন করা হয়েছে। তবে ক্লাউডফ্লেয়ারের প্রধান নির্বাহী ম্যাথিউ প্রিন্স জানিয়েছেন, ত্রুটির বিষয়টি প্রকাশ্যে আসার পর তাদের নেটওয়ার্কে হামলার প্রচেষ্টা দ্রুত বৃদ্ধি পেয়েছে।

পিএইচপি ফাউন্ডেশন বুধবার ত্রুটি সংশোধনের জন্য নিরাপত্তা হালনাগাদ প্রকাশ করেছে এবং ব্যবহারকারীদের তা দ্রুত ইনস্টল করার আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থাসহ বিভিন্ন দেশের কর্তৃপক্ষ একই নির্দেশনা দিয়েছে। যারা দ্রুত হালনাগাদ করতে পারবে না, তাদের সিস্টেম বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সাধারণ ব্যবহারকারীদের সরাসরি পদক্ষেপ নেওয়ার প্রয়োজন না থাকলেও ফিশিং লিংক থেকে সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী কয়েক সপ্তাহে এই ত্রুটি কাজে লাগানোর চেষ্টা আরও বাড়তে পারে।