ইতালিতে বিক্ষোভ ও সংঘর্ষ, ৩৭১ জন আটক ও ৯ জন গ্রেফতার প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৬ গত সপ্তাহের সহিংস সংঘর্ষের পর ব্যাপক দমন-পীড়ন ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শনিবার ইতালিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। এই বিক্ষোভের সময় দেশটির বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে রোম, তুরিন ও বোলোনিয়ার মতো শহরগুলোতে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে। ইতালির সংবাদ সংস্থা আনসার তথ্য অনুযায়ী, বিক্ষোভের ঘটনায় পুলিশ নয়জনকে গ্রেফতার করেছে। এছাড়া ৩৭১ জনকে সাময়িকভাবে আটক করে আটটি শহরের পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে। আটককৃতদের মধ্যে ১১০ জন অপ্রাপ্তবয়স্ক। বিক্ষোভের বিস্তারিত বিবরণে দেখা যায়, তুরিনে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে বোতল ও আতশবাজি নিক্ষেপ করলে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। রোমে মিছিল চলাকালে একই ধরনের পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। বোলোনিয়াতেও বিক্ষোভকারীরা বোতল ও পটকা ছুড়লে পুলিশ তাদের পিছু হটিয়ে দেয়। এছাড়া মিলান ও ফ্লোরেন্সে উত্তেজনা দেখা দিলে কেন্দ্রীয় এলাকার বিভিন্ন অংশে বিক্ষোভকারীদের প্রবেশ করতে বাধা দেয় পুলিশ। এর আগে গত সপ্তাহান্তে বিক্ষোভ চলাকালে ঘটা অস্থিরতার তদন্তের অংশ হিসেবে মিলান, মনজা এবং আরও ২০টি শহরে দেড় শতাধিক স্থানে তল্লাশি চালানো হয়েছে। পুলিশের ওপর হামলা, হুমকি, যানবাহনের ক্ষতিসাধন এবং ভবনে আগুন দেয়ার ষড়যন্ত্রের অভিযোগের সঙ্গে এসব তল্লাশির সম্পর্ক রয়েছে বলে আনসার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ানতেদোসি আনসার বরাতে জানান, পুলিশ ভারসাম্য ও পেশাদারত্বের সঙ্গে সহিংসতায় জড়িত গোষ্ঠীগুলোকে বিচ্ছিন্ন ও নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। তিনি আরও বলেন, ইতালিতে যারা মনে করে দায়মুক্তি নিয়ে কাজ করতে পারবে, তাদের কোনো জায়গা নেই। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES আন্তর্জাতিক বিষয়: আটকইতালিপুলিশবিক্ষোভসহিংসতা