এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৬

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও মোবাইল এসএমএসের মাধ্যমে এ ফল প্রকাশ করা হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী, দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড়ে পাশের হার দাঁড়িয়েছে ৫২.১২ শতাংশ। আর পুরো দেশে জিপিএ-৫ অর্জন করেছে মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

বিভিন্ন শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, সিলেট বোর্ডে পাশের হার ৫০.৯০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২০৪ জন। কুমিল্লা বোর্ডে শতকরা ৪৮.০৪ জন শিক্ষার্থী পাস করেছে, যেখানে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী। দিনাজপুর বোর্ডে পাশের হার ৪৫.৯৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯৫৩ জন। রাজশাহী বোর্ডে ৪৫.০৬ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবং সেখান থেকে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৫২০ জন। অন্যদিকে যশোর বোর্ডে পাশের হার ৪৪.৯২ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২২৮ জন। এ ছাড়া বরিশাল বোর্ডে ৪৪.৮৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, তবে এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৯৫০ জন।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই থেকে। এবারের পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল। তবে পরীক্ষার দিনগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে ফলাফল জানতে পারছে। যেকোনো মোবাইল নম্বর থেকে মেসেজ অপশনে গিয়ে ‘HSC’ লিখে স্পেস দিয়ে রোল নম্বর, পুনরায় স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠালেই ফিরতি মেসেজে কাঙ্ক্ষিত ফল জানা যাচ্ছে।

মোবাইল ফোন থেকে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জানা যাবে। এজন্য মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে: HSC Space রোল Space পরীক্ষার বছর লিখে মেসেজটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।