প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০২৬

প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। সরকারের নির্বাচনি ইশতেহারের ১৭ ও ১৮ নম্বর অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে শিশুদের প্রতিভা ও মননশীলতা বিকাশে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। উপজেলা পর্যায় থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা ধাপে ধাপে জাতীয় পর্যায়ে চূড়ান্ত রূপ পায়।

এবারের এই বিশাল আয়োজনে দেশের স্কুল পর্যায়ের মোট ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। বিভিন্ন ধাপ পেরিয়ে নির্বাচিত সেরা শিক্ষার্থীদের এই অনুষ্ঠানে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান করা হবে।

অনুষ্ঠানে শুধুমাত্র শিক্ষার্থীই নয়, বরং শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও সম্মাননা দেওয়া হবে। এর মধ্যে ব্যক্তি পর্যায়ে ১৫টি ক্যাটাগরিতে দেশের ১২ হাজার ৩৮৪ জন এবং প্রতিষ্ঠান পর্যায়ে দুটি ক্যাটাগরিতে ৬৫ হাজার ৫৪৬টি প্রতিষ্ঠানের মধ্য থেকে নির্বাচিত সেরাদের এই পুরস্কার ও সম্মাননা প্রদান করা হবে।