দিনাজপুরের পার্বতীপুরে শাবলের আঘাতে কিশোর পুত্র নিহত, পিতা গ্রেপ্তার

প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৬

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর মোল্লাপাড়া গ্রামে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে শরিফুল ইসলাম তার কিশোর পুত্র নুরুজ্জামানকে নিয়ে তাদের বাড়ির মাটির ঘরের দরজা মেরামতের কাজ করছিলেন। কাজের সময় পিতা ও পুত্রের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে শরিফুল ইসলাম উত্তেজিত হয়ে পড়েন এবং তার হাতে থাকা শাবল দিয়ে পুত্রের মাথায় আঘাত করেন। এতে নুরুজ্জামান গুরুতর আহত হয়।

ঘটনার পর স্থানীয়রা নুরুজ্জামানকে উদ্ধার করে দ্রুত রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়। নিহত নুরুজ্জামান পার্শ্ববর্তী আজিজিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিল এবং পাশাপাশি মৌলভীডাঙ্গা বাজারের একটি মুদির দোকানে কাজ করত।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত পিতাকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।