ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের চাপ ট্রাম্পের

প্রকাশিত: 1:30 PM, July 21, 2026

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাজ্যের কৌশলগত সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি চাইছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এর প্রতিবেদন অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই বিষয়টি নিশ্চিত করতে যুক্তরাজ্যের নতুন সরকারের ওপর চাপ প্রয়োগ করছে।

গত সোমবার অ্যান্ডি বার্নহ্যাম যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে ফোনালাপে বসেন। সেই আলাপে ট্রাম্প ব্রিটিশ বিমানবাহিনীর ‘আরএএফ ফেয়ারফোর্ড’ এবং ভারত মহাসাগরে অবস্থিত ‘দিয়েগো গার্সিয়া’ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি অব্যাহত রাখার জন্য বার্নহ্যামকে অনুরোধ জানিয়েছেন।

এর আগে কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন ব্রিটিশ সরকার দিয়েগো গার্সিয়া ঘাঁটি থেকে মার্কিন বি-টু বোমারু বিমান পরিচালনার অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছিল। তবে পরবর্তী সময়ে লন্ডন তাদের অবস্থান পরিবর্তন করে। তখন কেবল প্রতিরক্ষামূলক পদক্ষেপ এবং ইরানের সামরিক সক্ষমতা খর্ব করার লক্ষ্যেই মার্কিন বাহিনীকে ওই ঘাঁটি ব্যবহারের সুযোগ দিয়েছিল ব্রিটিশ কর্তৃপক্ষ।