জাপানের কিউশুতে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৬

জাপানের দক্ষিণাঞ্চলের প্রধান দ্বীপ কিউশুর কুমামোতো অঞ্চলে আজ মঙ্গলবার বিকেলে ৭ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পরপরই জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) উপকূলীয় এলাকার জন্য সুনামি সতর্কতা জারি করেছে। জেএমএ জানিয়েছে, রাজধানী টোকিও থেকে প্রায় ৯০০ কিলোমিটার বা ৫৬০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কুমামোতোর পশ্চিম উপকূলের আরিয়াকে উপসাগরের জন্য এই সতর্কতা দেওয়া হয়েছে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ভূমিকম্পের পর প্রায় ১ মিটার বা ৩ দশমিক ২৮ ফুট উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে।

ভূমিকম্পের পর জাপান সরকার কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা ও মিয়াজাকি প্রিফেকচারের জন্য জরুরি ভূমিকম্প সতর্কতা জারি করেছে। কিউশু ইলেকট্রিক পাওয়ার কোম্পানি জানিয়েছে, এই দুর্যোগের ফলে প্রায় ৪০ হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে নিরাপত্তার স্বার্থে রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান জেআর কিউশু সব ধরনের ট্রেন চলাচল, এমনকি উচ্চগতির বুলেট ট্রেনও সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিলেও জাপানের পারমাণবিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকার কাছাকাছি থাকা তিনটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো ধরনের অস্বাভাবিকতা বা ঝুঁকির খবর পাওয়া যায়নি।

বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি জাপান। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত হওয়ায় বিশ্বে ৬ দশমিক ০ বা তার বেশি মাত্রার প্রায় ২০ শতাংশ ভূমিকম্প দেশটিতে ঘটে থাকে। দেশটিতে গড়ে প্রতি পাঁচ মিনিটে অন্তত একটি ভূকম্পন অনুভূত হয়। উল্লেখ্য, প্রায় ১০ বছর আগে কুমামোতোতে আঘাত হানা ভয়াবহ এক ভূমিকম্পে ২৭৫ জন নিহত এবং ২ হাজার ৭৩৯ জন আহত হয়েছিলেন।