ট্রাম্পের ঘোষণায় বিশ্ববাজারে তেলের বড় দরপতন

প্রকাশিত: 9:36 AM, August 3, 2026

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বড় ধরনের পতন দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে পরিকল্পিত সামরিক হামলা বাতিলের ঘোষণা দেওয়ার পরপরই এই দরপতন ঘটে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, রোববার রাত ১১টা পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ৪.০৮ ডলার বা ৪.৬৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩.৮৫ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪.০১ ডলার বা ৪.৭৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০.৬৬ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে ইরান ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে হামলার পথ থেকে সরে আসার অনুরোধ জানিয়েছিল। ট্রাম্প দাবি করেন, একটি সম্ভাব্য চুক্তির মৌলিক কাঠামো নিয়ে সমঝোতা হওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি দাবি করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে নজিরবিহীন শক্তি প্রয়োগের জন্য প্রস্তুত ছিল।

ট্রাম্পের ভাষ্যমতে, প্রস্তাবিত ওই চুক্তির শর্ত অনুযায়ী হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত রাখা হবে এবং ইরানের পারমাণবিক হুমকির চূড়ান্ত অবসান ঘটবে। তিনি বলেন, বিশ্বের কল্যাণ এবং একটি সমৃদ্ধ ইরানের স্বার্থেই তিনি এই হামলা বাতিল করতে সম্মত হয়েছেন, তবে শর্ত হলো দ্রুত একটি চুক্তিতে পৌঁছাতে হবে। এর আগে গত মাসে ওমান উপকূলের কাছে তেলবাহী জাহাজে হামলার ঘটনার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ২০ শতাংশের বেশি বেড়ে গিয়েছিল।