তারাগঞ্জে ১৪ শিক্ষকের মাদরাসায় পরীক্ষার্থী ৫, পাস করেনি কেউ

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৬

রংপুরের তারাগঞ্জ উপজেলার বটতলী দাখিল মাদরাসায় কর্মরত রয়েছেন ১৪ জন শিক্ষক ও ৩ জন কর্মচারী। বিপুল সংখ্যক এই শিক্ষক-কর্মচারীর বিপরীতে চলতি বছরের দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন শিক্ষার্থী। তবে শতভাগ অকৃতকার্য হওয়ায় তাদের কেউই পাস করতে পারেনি। সোমবার প্রকাশিত দাখিল পরীক্ষার ফলাফলে এ তথ্য উঠে এসেছে।

এত বিপুল সংখ্যক শিক্ষক ও কর্মচারী থাকার পরও মাত্র পাঁচজন শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ এবং তাদের সবার ফেল করার ঘটনায় প্রতিষ্ঠানটির শিক্ষার মান ও পাঠদান পদ্ধতি নিয়ে স্থানীয়ভাবে নানা প্রশ্ন ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে বটতলী দাখিল মাদরাসার সুপার ফেরদৌস আলী মুঠোফোনে হতাশা ব্যক্ত করে বলেন, ‘এমন ফলাফল প্রত্যাশা করিনি।’

এদিকে তারাগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহিনুর ইসলাম মাদ্রাসাটির এই হতাশাজনক ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।