সাকিব আল হাসানকে নিয়ে মন্তব্য তথ্য উপদেষ্টার প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৬ সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হতে পারেন, তবে মানুষ হিসেবে তিনি 'নষ্ট ও পচে যাওয়া'—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। সাকিব আল হাসান দেশে ফিরতে চাইলে তাকে পূর্ণ নিরাপত্তা দেয়া হবে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, তিনি দেশে ফিরলে আদালতের মুখোমুখি হবেন এবং আইনি অধিকার পাবেন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, তাকেও দেশে পূর্ণাঙ্গ নিরাপত্তা দেয়া হবে এবং সবচেয়ে বীভৎস মানুষটাও তার নাগরিক অধিকার পাবে। ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে উপদেষ্টা বলেন, বন্ধু পাল্টানো যায় কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না। গত ১৭ বছরের সম্পর্ক থেকে বেরিয়ে সমতার ভিত্তিতে নতুন করে ভারত-বাংলাদেশ সম্পর্ক গড়ে তোলা হবে। শেখ হাসিনার শাসনামলের মতো ভারতের কোনো সংস্থা বা প্রতিষ্ঠানকে বাংলাদেশে কাজ করতে দেয়া হবে না। এখন থেকে সবকিছু স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আলোচনার মাধ্যমে করা হবে। এছাড়া বিমসটেকের সভাপতি হিসেবে ভারতের আমন্ত্রণে প্রধানমন্ত্রী যে কোনো সময় ভারত সফর করতে পারেন বলে তিনি জানান। ভারতীয় গোয়েন্দা সংস্থা 'র'-এর প্রধানের ঢাকা সফর প্রসঙ্গে তিনি বলেন, এটি গোপন কিছু নয়। দুই দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে যোগাযোগ ও কথাবার্তা হতে পারে। সরকারের ছয় মাসের কার্যক্রম মূল্যায়নের বিষয়ে তিনি বলেন, ১৮০ দিন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই জনগণের সামনে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের অগ্রগতি তুলে ধরে তিনি জানান, দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি হয়েছে, যার ফলে বাংলাদেশের ৮ হাজার ৪২৮টি পণ্য সেখানে শুল্কমুক্ত সুবিধা পাবে এবং দক্ষিণ কোরিয়ার ১ হাজার ৫৪টি পণ্য বাংলাদেশে একই সুবিধা পাবে। পরিবেশ রক্ষায় পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারে জনগণের সহযোগিতা চেয়ে তিনি বলেন, বাংলাদেশ পাটকল করপোরেশনের মাধ্যমে তৈরি ৯ হাজার গ্রোসারি ব্যাগ টিসিবি ডিলারদের মাধ্যমে সরবরাহ করা হয়েছে। রেলপথ সম্প্রসারণের অংশ হিসেবে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে 'অভিযাত্রিক কমিউটার' নামে নতুন ট্রেন চালুর তথ্যও তিনি তুলে ধরেন। SHARES জাতীয় বিষয়: জাহেদ উর রহমানতথ্য উপদেষ্টারাজনীতিসাকিব আল হাসান